এক রাতে কলেজ চত্বরের অর্ধশত গাছ কেটে নাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর হাসপাতালসংলগ্ন নির্মাণাধীন লালমনিরহাট নার্সিং কলেজ চত্বরের জমিতে থাকা অন্তত ৫০টি সরকারি গাছ গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এর মধ্যে কিছু গাছ তারা রাতের অন্ধকারেই নিয়ে গেছে। ফেলে যাওয়া বাকি ৪৩টি গাছের টুকরা পুলিশ পরদিন বুধবার জব্দ করেছে।
সরেজমিনে গত বুধবার সকালে ঘটনাস্থলে খণ্ডিত গাছগুলো ছড়িয়ে-ছিটিয়ে এবং কোথাও কোথাও স্তূপ আকারে পড়ে থাকতে দেখা যায়। কেটে নেওয়া গাছের গোড়াগুলো স্থানীয় লোকজন মাটি খুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এলাকাবাসী ও লালমনিরহাট সদর হাসপাতালের একাধিক সূত্র জানায়, কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে ছোট-বড় বিভিন্ন আকারের মেহগনি, আম, জাম, রেইনট্রি ইত্যাদি। তাঁরা আরও জানান, এর সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন জড়িত। কিন্তু ভয়ে কেউ তাঁদের কিছু বলতে সাহস পান না। সঠিক তদন্ত হলে এঁদের শনাক্ত করাটা কঠিন কিছু হবে না বলে স্থানীয় লোকজন মত প্রকাশ করেন। তাঁরা জানান, সীমানাপ্রাচীর না থাকায় এ গাছগুলো এক রকম অরক্ষিতই ছিল। গত মঙ্গলবারসহ বিগত এক বছরে এখান থেকে ১০০ থেকে ১৫০টি গাছ লুট হয়েছে। গত মঙ্গলবার রাতে কেটে নেওয়া গাছগুলোর মূল্য দুই থেকে তিন লাখ টাকা হবে।
তবে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন, কলেজ চত্বরের ওই গাছ কাটার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। একই রকম দাবি করেন জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবিরও।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনসুর আলী জানান, গত বুধবার পুলিশ গিয়ে সেখানে কেটে ফেলা ৪৩টি গাছের খণ্ড জব্দ করেছে। এগুলো সিভিল সার্জনের জিম্মায় লালমনিরহাট সদর হাসপাতাল চত্বরে রাখা হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি গাছ দুর্বৃত্তরা রাতেই সরিয়ে ফেলে। সব মিলিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে তারা ৫০টির মতো গাছ কেটেছে বলে জানান পুলিশের কর্মকর্তা।