এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরি, ২৫ মহল্লা বিদ্যুৎবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত শনিবার রাতে একসঙ্গে তিন এলাকার তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। সংঘবদ্ধ চোর চক্র একটি ট্রাকে করে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এ সময় টহল পুলিশ ধাওয়া করলে চোর চক্রের ট্রাক পুলিশের গাড়িটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। গাড়িতে থাকা পুলিশের একজন উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। চুরি যাওয়া তিনটি ট্রান্সফরামের মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। একসঙ্গে তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ায় নগরের প্রায় ২৫টি মহল্লা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি বড় ট্রাকে আট থেকে ১২ জন লোক এসে শাহজালাল উপশহর এলাকার এ ব্লকের ৪ নম্বর রোডের ট্রান্সফরমার খোলা শুরু করে। ওই এলাকায় থাকা একটি বেসরকারি ব্যাংকের পাহারাদার ট্রান্সফরমার খোলার কারণ জানতে চান। তাঁকে মারধর করে চোরেরা ট্রান্সফরমার নিয়ে যায়। তারা পার্শ্ববর্তী পূর্ব কুশিঘাট এলাকায় গিয়ে আরেকটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করলে মসজিদ থেকে মাইকযোগে প্রচার করা হয়। একপর্যায়ে ট্রাকটি নগরের মিরাপাড়া ও কল্যাণপুর মহল্লায় প্রবেশ করে। এই দুটি এলাকার দুটি ট্রান্সফরমার নিয়ে চোরেরা ট্রাক নিয়ে টিলাগড় এলাকায় যায়। ভোর সাড়ে চারটার দিকে টিলাগড় মোড়ে শাহপরান থানা-পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। পুলিশের যান লেগুনা চুরির ট্রান্সফরমার বহনকারী ট্রাকটি আটকানোর চেষ্টা করে। ট্রাকটি পুলিশের গাড়িটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এতে শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান, কনস্টেবল আবদুল আলিম ও পিযূষ চক্রবর্তী আহত হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে জানান, আট টন পণ্য পরিবহন ক্ষমতাসম্পন্ন ট্রাক নিয়ে ট্রান্সফরমার চুরি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল একটি মামলা করে চোর চক্রকে আটক করার চেষ্টা করছে। বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, একসঙ্গে তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ায় শাহজালাল উপশহর, টিলাগড়ের কল্যাণপুর, মিরাপাড়া এলাকার প্রায় ২৫টি মহল্লা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি) সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ট্রান্সফরমার পুনঃ স্থাপনে বিদ্যুৎ বিভাগের একটি বিশেষ দল এলাকায় অবস্থান করছে। চুরি যাওয়া ট্রান্সফরমারের প্রতিটির মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় শাহপরান থানায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের হিসাবে, গত ছয় মাসে ৬০টি ট্রান্সফরমার চুরি হয়েছে ট্রাক ব্যবহার করে। ট্রাকযোগে ট্রান্সফরমার চুরি ঠেকাতে নগরের বিভিন্ন আবাসিক এলাকায় রাস্তার প্রবেশমুখে ‘বাঁশ বান্ধা’ কৌশল অবলম্বন করছে এলাকাবাসী। গত ২ নভেম্বর প্রথম আলোর শেষের পাতায় ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে বাঁশ বান্ধা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল সরেজমিনে গেলে ওই তিন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, তাঁদের মহল্লার রাস্তা উন্মুক্ত থাকায় ট্রাকযোগে ট্রান্সফরমার চুরি সহজ হয়েছে।