এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জহাট এলাকার পাঁচটি বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী ডাকাতদলকে বাধা দিলে তারা একাধিক বোমা ফাটিয়ে ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়।পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ২৫ থেকে ৩০ জন ডাকাত ট্রলার নিয়ে এসে হবিগঞ্জহাট এলাকার বাদশা খান, হাফিজ খান, নেহাল খান, বাচ্চু মিয়া ও চান খানের বাড়িতে ডাকাতি করে। এলাকাবাসী টের পেয়ে ডাকাতদলকে বাধা দিলে ডাকাতদল একাধিক বোমা ফাটায় ও গুলিবর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ডাকাতদল ট্রলারে করেই পালিয়ে যায়। ডাকাতের মারধরে হাফিজ খান, মনির হোসেনসহ তিনজন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নয় ডাকাত গ্রেপ্তার: সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদি এলাকার একটি পুরোনো বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে আন্তজেলা ডাকাতদলের নয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, সাতটি বোমা এবং দুটি গুলিসহ বোমা তৈরি ও ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের জিয়ারুল মোল্লা (২৫), পূর্ব সরমঙ্গল গ্রামের রিপন মোল্লা (২৬), গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাতইল ঘোনাপাড়া গ্রামের সাগর মোল্লা (৪২), ফুকরা গ্রামের নাজিম শেখ (২০), পরানপুর গ্রামের আমিনুর ইসলাম (৪৫), নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের শিপন মোল্লা (৩০), চাঁচাই গ্রামের ওহিদুল শেখ (২৬), খুলনার রূপসার আলাইপুর গ্রামের সুমন শেখ (১৮) ও চাঁদপুরের নিজগাছতলা গ্রামের শাহিন খান (২৬)। তাঁদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।