এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি, গণপিটুনিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের তিন গ্রামের পাঁচ বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ওই রাতেই এলাকাবাসী ডাকাত সন্দেহে চারজনকে ধরে গণপিটুনি দেন। তাঁদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এঁরা হলেন আরাজী ডুমুরিয়া গ্রামের জনি এলাহী খাজা (৩৫) ও বাগাচড়া গ্রামের মোস্তাকিম গাজী (৩৩)।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে আটটার পর ১০-১২ জন ডাকাত আটলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের কার্তিক মণ্ডলের বাড়িতে এসে দরজা খুলতে বলে। দরজা খোলার পর ভেতরে ঢুকে তারা ওই বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালংকার, নগদ সাত হাজার টাকা ও মুঠোফোনের একটি সেট নিয়ে নেয়। এরপর তারা পাশের মনোহরপুর গ্রামে তাপস মণ্ডলের বাড়িতে ঢুকে নগদ সাড়ে ১০ হাজার টাকা ও মুঠোফোনের সেট; একই গ্রামের হাসান খার বাড়ি থেকে নগদ আড়াই হাজার টাকা ও মুঠোফোনের দুটি সেট এবং মাহমুদা বেগমের বাড়ি থেকে সাড়ে আট হাজার টাকা নিয়ে যায়।
রাত দুইটার দিকে ডাকাতেরা পাশের পুটিমারি গ্রামের সুকুমার সানার বাড়ি থেকে একটি মোটরসাইকেল, এক ভরি স্বর্ণালংকার ও নগদ ২৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী একজোট হয়ে ডাকাতদের ধাওয়া করেন।
রাত তিনটার দিকে তাঁরা উপজেলার সাজিয়াড়া গ্রামের ইজাজুল মল্লিক ওরফে পলাশকে মনোহরপুর গ্রামের একটি ধানখেত থেকে ধরে গণপিটুনি দেন। এরপর গ্রামবাসীরা ওই এলাকার বিভিন্ন বিল থেকে জনি এলাহী ও আরাজী ডুমুরিয়া গ্রামের আরিফ গাজী এবং বাগাচড়া গ্রামের মোস্তাকিম গাজীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। গতকাল সকালে পুলিশ চার ডাকাতকে আশঙ্কাজনক অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টায় জনি ও দুইটায় মোস্তাকিম মারা যান।
খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ দাবি করেন, ‘জনতার হাত থেকে আমরা তাঁদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনি। দুপুরে দুইজন মারা যান। এ ঘটনায় ডাকাতি ও হত্যা মামলা হবে।’