এক রাতে ৩ বাড়িতে ডাকাতি
কিশোরগঞ্জের বাজিতপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় নারী, শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জনৈতপুরের আলগাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, ১২ থেকে ১৪ জনের ডাকাত দল রাত ১২টার দিকে জনৈতপুরের আলগাহাটি গ্রামে হানা দেয়। ডাকাত দল তিন ভাগে বিভক্ত হয়ে গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে আতর আলী, ছন্দু মিয়া ও ফরহাদ মিয়ার বাড়িতে ঢুকে ডাকাতি শুরু করে। মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে ১১ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও ৩০-৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ডাকাত দলের এলোপাতাড়ি মারধরে আহত হন ওই পরিবারের ফাতেমা বেগম (২৫), হুলেনা আক্তার (৫৫), মিতা আক্তার (২২), জিৎ (৩) ও দোহাজান (৪)।ছন্দু মিয়ার বাড়ি থেকে ডাকাতি হয় চার ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা। ডাকাত দলের হামলায় আহত হন ওই পরিবারের মিলননেছা (৩০) ও জেসমিন বেগম (২৫)। ফরহাদ মিয়ার বাড়ি থেকে ডাকাতেরা নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।মোস্তাফিজুর রহমান বলেন, ঘরে ঢুকেই ডাকাতেরা ছুরিকাঘাত শুরু করে। অস্ত্রের আঘাতে কয়েকজনকে রক্তাক্ত জখমের মাধ্যমে ভীতি তৈরি করে সর্বস্ব লুট করে তারা।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে, শনিবার রাতের ঘটনাটি ডাকাতি নয়। পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার জন্য ডাকাতির অভিযোগ আনা হচ্ছে।’ মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।