এক রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা
এক রাতের টানা বর্ষণে নোয়াখালী শহরে আবারও জলাবদ্ধতা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ে শহরের বাসিন্দারা।
নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এয়াকুব প্রথম আলোকে বলেন, গত বুধবার রাত নয়টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত জেলা সদরে (মাইজদী কোর্ট) ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের লক্ষ্মীনারায়ণপুর, সার্কিট হাউস জামে মসজিদ সড়ক, ল ইয়ার্স কলোনি, কাজি কলোনি, হরিনারায়ণপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে এলাকার বেশির ভাগ রাস্তাঘাটই ডুবে আছে।
লক্ষ্মীনারায়ণপুর, কাজি কলোনি ও হরিনারায়ণপুর এলাকার বিভিন্ন বাসাবাড়ির আঙিনায় পানি উঠে গেছে। এ ছাড়া পানি জমেছে শহরের টাউন হলসংলগ্ন ফ্ল্যাট রোডেও।
জলাবদ্ধতার কারণে জেলা জামে মসজিদ সড়কের পাশের প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা অনেকটাই বন্ধ ছিল। মসজিদ মার্কেটের ব্যবসায়ী মো. রিপন বলেন, পানি জমে থাকার কারণে ক্রেতাদের কেউই এদিকে আসতে চায় না।
জেলা আইনজীবী সমিতির দুটি ভবনের সামনেই পানি জমে যায়। এতে ভোগান্তির শিকার হয় সেখানে যাওয়া লোকজন। স্থানীয় লোকজন বলেন, পানিনিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই পুরাতন আদালত ভবনের সামনের সড়কে পানি জমে যায়।
জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামছুদ্দিন আহম্মদ নামের এক ব্যক্তি বলেন, শহরের জলাবদ্ধতা দূর করার জন্য অনেক টাকা খরচ করে নর্দমা নির্মাণ করা হয়েছে। কিন্তু তারপরও যদি জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাহলে নর্দমা নির্মাণের দরকারই কি ছিল?
জেলা জামে মসজিদ সড়কে পথচারী সেলিম মিয়া বলেন, অপরিকল্পিতভাবে নর্দমা নির্মাণের কারণে সুফল পাওয়া যাচ্ছে না। কারণ, আশপাশের এলাকা থেকে পানি মূল নর্দমায় আসার কোনো ব্যবস্থা করা হয়নি। এ ছাড়া শাখা নর্দমাগুলোও সংস্কার করা হয়নি। এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।
পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ প্রথম আলোকে বলেন, পৌরসভার জনবলের অভাব আছে। এ কারণে সময়মতো নর্দমাগুলো পরিষ্কার করা যায় না। তাই বৃষ্টির পানি সহজে সরতে পারে না। তিনি বলেন, পানিনিষ্কাশনের বাধা দূর করতে এরই মধ্যে পৌরসভার কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, শহরের পানিনিষ্কাশনে ২০ কোটি টাকা ব্যয়ে পরিকল্পিতভাবে নর্দমা তৈরি করা হয়েছে। এ কারণে এবার অন্য বছরের তুলনায় জলাবদ্ধতা সমস্যা অনেকটা কম।