এক রাতের বৃষ্টিতেই মহাসড়ক বেহাল
এক রাতের বৃষ্টিতেই সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া ও হাটিকুমরুল-পাবনা মহাসড়ক বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে ও সড়কের দুই পাশ দেবে গেছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
যানবাহন চালক ও যাত্রীদের অনেকে জানান, এ মহাসড়কের অবস্থা আগে থেকে খারাপ। শুক্রবার রাতের বৃষ্টিতে ঢাকা-বগুড়া ও হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার পারকোলা, টেটিয়ারকান্দা, তালগাছী বাসস্ট্যান্ড, উল্লাপাড়া উপজেলার কাওয়াক, শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড, পূর্ব দেলুয়া মোড়, সিরাজগঞ্জ রোডের গোলচত্বরের বেশ কিছু জায়গা থেকে কার্পেটিং ও পাথর উঠে গেছে। ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের দুই পাশের বহু স্থানে দেবে গেছে। বিশেষ করে নলকা সেতুর সংযোগস্থলের চারটি স্থান থেকে পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। একইভাবে উল্লাপাড়ার পূর্ব দেলুয়া সেতুর ওপর থেকেও কার্পেটিং উঠে গেছে। এর ফলে যান চলাচল ব্যাহত হওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত ১০টা থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পর্যন্ত তীব্র যানজট ছিল।
রংপুর থেকে ঢাকাগামী যাত্রী জিয়া ইসলাম বলেন, ‘রাত একটার দিকে ১৬ মাইল এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের কাছে এসে বাসটি যানজটের কবলে পড়ে। এখান থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত যেতে সকাল ১০টা বাজে। জানতে পেরেছি, সড়কের এবং নলকা সেতুর অবস্থা খারাপ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
পাচলিয়া বাজারের আমিনুল ইসলাম বলেন, সড়কে গর্তের কারণে দ্রুতগামী যানবাহনকে জায়গা দেওয়ার সময় অনেকেই মোটরসাইকেল ও সাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া বড় যানবাহনেরও ক্ষতি হচ্ছে।
শাহজাদপুর ট্রাভেলসের একটি গাড়ির চালক মোক্তার হোসেন বলেন, সড়কের গর্তে গাড়ির চাকা পড়ে নানা যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এ ছাড়া গাড়ির নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম এমদাদুল হক বলেন, সড়কগুলোতে খানাখন্দ বেড়েছে এবং কার্পেটিং উঠে গেছে। সড়কের ওপর পাথরগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দায়সারাভাবে মেরামত করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। দ্রুত মেরামত না করলে আসন্ন ঈদে যানজট আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দীন আহমেদ বলেন, বৃষ্টির কারণে গর্তগুলো বড় হয়েছে। মেরামতকাজ চলছে। আসন্ন ঈদের আগেই রাস্তা মেরামত করা হবে, যাতে চলাচলে কোনো অসুবিধা না হয়।