এক রাস্তার উন্নয়নে এক বছরে তিন প্রকল্প
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের কদমতলা থেকে ডহর মশিয়াহাটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাটির রাস্তার অংশবিশেষ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় ১৫ টন খাদ্যশস্য দিয়ে গত বছর সংস্কার করা হয়। এরপর অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে রাস্তাটির অবশিষ্ট অংশের সংস্কারকাজ করা হয়।সর্বশেষ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ঝুঁকিহ্রাস প্রকল্পের অধীন কিছু দূর বাড়িয়ে বর্তমানে রাস্তাটি পুনরায় সংস্কার করা হচ্ছে। এ ছাড়া এই প্রকল্পের আওতায় ইউনিয়নে আরও দুটি প্রকল্পে মাটি কাটা ও মাটি ভরাটের কাজ চলছে। প্রকল্প তিনটির মাটির কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইউএনডিপির আর্থিক সহায়তায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ঝুঁকিহ্রাস প্রকল্প গ্রহণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় অভয়নগর উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া, পায়রা ও সিদ্দিপাশা ইউনিয়নে দুই কোটি আট লাখ ৮১ হাজার ৩৭৪ টাকা ব্যয়ে ১৮টি প্রকল্প গ্রহণ করা হয়। গত ১৯ জুন যশোর সার্কিট হাউসে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে প্রকল্প কর্মকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তানুসারে জুলাইয়ের প্রথম সপ্তাহে চেয়ারম্যানদের ব্যাংক হিসাবে ২০ শতাংশ টাকা জমা দেওয়া হয়। এ পর্যন্ত তিনটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। সুন্দলী ইউনিয়নে ৭৭ লাখ দুই হাজার ৮২২ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে ১০ লাখ ৮৬ হাজার ৫৭৫ টাকা ব্যয়ে ৮৪০ মিটার দীর্ঘ ‘মৃণাল বাবুর বাড়ি থেকে কদমতলা অভিমুখে মাটি দ্বারা রাস্তা সংস্কারের’ কাজ প্রায় শেষের পথে। ১৩ লাখ ৭২ হাজার ৭৮৫ টাকা ব্যয়ে ‘সুন্দলী কানাপুকুর পুনর্খনন’ এবং সাত লাখ সাত হাজার ৯৯১ টাকা ব্যয়ে ‘সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে গর্ত ও মাঠ ভরাট’ প্রকল্পের কাজ চলছে।সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির ৫০ মিটারের মতো কাজ বাকি আছে। প্রকল্প এলাকায় কাজের তথ্যসংবলিত কোনো সাইনবোর্ড নেই। রাস্তার দুই পাশে তেমন ঢাল নেই। ডহর মশিয়াহাটি গ্রামের শ্যামল কান্তি বিশ্বাস (৪৮) বলেন, ‘চেয়ারম্যান বলেছেন কাজটি ছয় লাখ টাকার। এর মধ্যে ৭০ হাজার টাকা কর্মকর্তাদের ঘুষ দিতে হবে।’ গ্রামের বিনোদ বিহারী বিশ্বাস (৬৫) বলেন, বর্ষার সময় মাটির কাজ ভালো হয় না। রাস্তাটি খাড়া। বেশি বৃষ্টি হলে ভেঙে পড়বে। তবে রাস্তার তদারকির দায়িত্বে থাকা ধনঞ্জয় বিশ্বাস (৩৫) বলেন, কাজ খুব ভালো হচ্ছে। অনেক দূর থেকে মাটি আনতে হচ্ছে বলে খরচ একটু বেশি পড়ছে।গত বছরের প্রথম দিকে কাবিখার আওতায় ওই রাস্তাটির অংশবিশেষের কাজ করা হয়েছিল। প্রকল্পের সভাপতি ছিলেন ইউপির তৎকালীন সদস্য পূর্ণিমা বিশ্বাস। তিনি বলেন, ১৫ টন খাদ্যশস্য দিয়ে রাস্তাটির কাজ করা হয়। এরপর বাকি কাজ করা হয় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে। ওই ওয়ার্ডের বর্তমান সদস্য সুচিত্রা বিশ্বাস অভিযোগ করেন, ‘চেয়ারম্যান আমাকে বলেছিলেন আপনি প্রকল্পের কমিটিতে আছেন। কিন্তু কী কাজ, কত টাকার কাজ তা আজও বলেননি। অথচ রাস্তার কাজ প্রায় শেষের দিকে।’ অন্য দুটি প্রকল্পে গিয়ে দেখা গেছে, কানাপুকুর থেকে মাটি কাটার যন্ত্র দিয়ে মাটি কেটে পানির সঙ্গে পাইপে করে কিছুটা দূরে ইউনিয়ন পরিষদের মাঠ ও সামনের গর্তে ফেলে ভরাট করা হচ্ছে। কাজ করছেন বাগেরহাটের ঠিকাদার ইদ্রিস হাওলাদার। তিনি বলেন, ‘চার লাখ টাকায় চেয়ারম্যানের নিকট থেকে কাজ দুটি নিয়েছি। কত টাকা বরাদ্দ তা আমাকে বলা হয়নি।’ প্রকল্পগুলোর সদস্যসচিব ও সুন্দলী ইউপির সচিব মো. মোরসেদ আলী বলেন, ইউএনডিপির বরাদ্দের টাকা থেকে এ পর্যন্ত পাঁচ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বলেন, প্রকল্পের তদারকি করার কথা তাঁদের। কিন্তু অদ্যাবধি কোনো চিঠি এমনকি নীতিমালা পর্যন্ত দেওয়া হয়নি।চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। তা ছাড়া এটা দেখার দায়িত্ব আপনার নয়।’ ইউএনডিপির কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালিস্ট মোহামঞ্চাদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, এখনো প্রকল্পের নীতিমালা করা হয়নি। এর আগে তাদেরকে আর কাজ না করতে বলা হয়েছে। এ ধরনের কোনো মাটির কাজ আমলে নেওয়া হবে না। অচিরেই একটি তদন্ত দল প্রকল্প এলাকায় পাঠানো হবে।