এক রুটে যানজটে ক্ষতি মাসে ২২৭ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেটের (বিআইজিডি) এক গবেষণায় দেখা গেছে, ঢাকার এয়ারপোর্ট-পোস্তগোলা রুটে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং পারস্পরিক সমন্বয়ের অভাব ঢাকার যানজটের প্রধান কারণ।
তবে যথাযথ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হলে কোনো অবকাঠামোগত পরিবর্তন ছাড়াই ঢাকার যানজট ৩০ থেকে ৪০ শতাংশ কমানো সম্ভব বলে গবেষকেরা মনে করছেন।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকার ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে ‘নগর পরিস্থিতি-২০১৬: ঢাকা মহানগরে যানজট-শাসনব্যবস্থার পরিপ্রেক্ষিত’ শিরোনামের গবেষণা প্রতিবেদনটির মোড়ক উন্মোচন হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নগর পরিস্থিতি-বিষয়ক সিরিজ গবেষণার পঞ্চম প্রতিবেদন এটি।
ঢাকা মেট্রোপলিটন এলাকার ওপর পরিচালিত এ গবেষণায় জরিপের মাধ্যমে ৭৭৪ জন পরিবহন ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেই সঙ্গে ছয়টি প্রধান সরকারি সংস্থার ওপর আলোকপাত করা হয়।
এ গবেষণায় যানজটের আর্থিক ক্ষতির পরিমাপে ২৬ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এয়ারপোর্ট-পোস্তগোলা রুটকে নমুনা হিসেবে নেওয়া হয়। দেখা গেছে, ব্যস্ত সময়ে (পিক আওয়ার) এ রুটে গাড়ির গতিসীমা থাকে ঘণ্টায় ৯ কিলোমিটার। এই ধীরগতির কারণে প্রতিবার যাতায়াতে একজন যাত্রীর যে সময় নষ্ট হয়, তার আর্থিক পরিমাপ দিনে আনুমানিক ৫৩ টাকা। এ ছাড়া যানজটে নষ্ট হওয়া সময়ের আর্থিক মূল্য ও জ্বালানি খরচ সার্বিকভাবে মাসে ২২৭ কোটি টাকা দাঁড়ায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই প্রতিবেদন অনুসারে, ২০০৪ সালে ঢাকার রাস্তায় প্রতি ঘণ্টায় গাড়ির গতিসীমা গড়ে ছিল ২১ দশমিক ২ কিলোমিটার। ২০০৯ সালে তা ঘণ্টায় ৬ দশমিক ৮ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। এ গবেষণা দলের নেতৃত্ব দেন বিআইজিডির গবেষণা ফেলো শাহনেওয়াজ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যানজটের কারণগুলো বিশ্লেষণ করে দেখেছি, ঢাকার যানজটের পেছনে সংস্থাগুলোর দুর্বলতা ও সমন্বয়হীনতাই প্রধান। তাই আমরা মনে করি এই সংস্থাগুলো ঠিকভাবে চললে কোনো ইঞ্জিনিয়ারিং স্টেপ ছাড়াই ঢাকার যানজট প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।’
গবেষণা প্রতিবেদনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান।