এক রোহিঙ্গা দালালসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে এক রোহিঙ্গা দালালসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গতকাল থানার এসআই নূরুন্নবীর নেতৃত্বে শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু শহরের নয়াপাড়া এলাকার আবদুস সালামের ছেলে দালাল মো. লালু, কুমিল্লার দাউদকান্দির গরিপুরের এলাকার মো. হারুন মিয়ার ছেলে মো. সবুজ মিয়া, মো. সাদেকের ছেলে মো. শরীফ মিয়া, মকবুল হোসেনের ছেলে মো. রুবেল ও মৃত লালু মিয়ার ছেলে আনসার আলী। আটক ব্যক্তিরা জানান, লালু তাঁদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে জনপ্রতি ৩০ হাজার টাকা করে অগ্রিম নেন। বাকি দেড় লাখ টাকা সে দেশে অবস্থানরত তাঁদের লোকদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। জাহাজে তুলে দেওয়ার জন্য শাহপরীর দ্বীপে আনার পথে পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য টেকনাফে এসেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। জড়িত দালাল মিয়ানমারের মংডু শহরের নয়াপাড়া এলাকার মো. লালুর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলার প্রক্রিয়া চলছে।