প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইন্টারনেট সুবিধা সহজলভ্য করতে দেশে এক লাখ ওয়াই-ফাই জোন সৃষ্টি করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অত্যাধুনিক কম্পিউটার ল্যাপটপ দেওয়া হবে। আর দেশের উত্তরাঞ্চলে হাইটেক শিল্পকারখানা গড়ে তোলা হবে।
গতকাল শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার কছিমননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়াই-ফাই জোন উদ্বোধন ও বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পাটচাষি সমাবেশে দেওয়া বক্তব্যে জয় এসব কথা বলেন। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পাটচাষি সমাবেশে জয় উপজেলার ৫০টি গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগেরও উদ্বোধন করেন।
সমাবেশে পাটচাষিদের উদ্দেশে জয় বলেন, ‘আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম, আপনাদের চাহিদা পূরণ করব। আপনাদের চাহিদা ছিল—বীজ চাই, সার চাই। সার দিয়েছি, বীজ দিয়েছি। সারের পেছনে এখন কৃষকদের ঘুরতে হয় না, কৃষকদের পেছনে এখন সার ঘুরছে।’
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে জয় বলেন, এই সারের জন্য বিএনপি সরকার কৃষকদের গুলি করে হত্যা করেছে। বর্তমান সরকার কৃষকদের বন্ধু হয়ে সার, বীজ বিতরণ করছে।
গ্রামে বিদ্যুৎ-সংযোগ প্রসঙ্গে জয় বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে বিদ্যুতের দাবি নিয়ে আন্দোলনেও মানুষদের গুলি করা হয়েছে।’
বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান প্রমুখ।