এক লাখ চারাগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৪০টি স্কুলে এক লাখ চারাগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মেয়র আনিসুল হক। একই সঙ্গে তিনি সবুজ ঢাকা গড়তে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।

গতকাল রোববার দুপুরে মিরপুরের রূপনগরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজে আনিসুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন। আগামী প্রজন্মকে সবুজায়ন, বাগান ও ছাদবাগানে উদ্বুদ্ধ করতে প্রাণ-আরএফএল ও সবুজ ঢাকার যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মেয়র বলেন, গাজীপুর ও কুমিল্লা থেকে ঢাকা শহরের উত্তাপ ৪ থেকে ৫ গুণ বেশি। গাছ লাগালে এর থেকে খানিকটা হলেও রেহাই পাওয়া যাবে। আগামী এক বছরের মধ্যে মিরপুরের চিত্র বদলে যাবে। একটি সাজানো-সবুজ ঢাকা শহর গড়ে তুলতে সবাই মিলে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেন, পরিকল্পিতভাবে বাড়ি বানানো হলেই সবুজ ঢাকা সার্থক হবে। মনিপুর স্কুলে ৫০ হাজার পরিবারের সদস্য রয়েছেন। ৫০ হাজার গাছ লাগানো হলে জনসচেতনতা তৈরি হবে।

অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রাণ-আরএফএলের ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন প্রমুখ বক্তব্য দেন।