এক লাখ টাকা করে অনুদান পেল নিহতদের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্ঘটনায় নিহত ৩৫টি পরিবারের প্রতিটিকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। বাঁকি একটি পরিবারের চেক ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হবে।
চেক বিতরণের আগে মন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে যতটুকু কঠিন হওয়া দরকার আমরা তা হব। আমরা ইতিমধ্যে চালকদের প্রশিক্ষণ জোরদারের উদ্যোগ নিয়েছি, জনসচেতনতা বাড়াতে শিক্ষা পাঠ্যসূচিতে ট্রাফিক আইন যুক্ত করার প্রস্তাব দিয়েছি।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রতিশ্রুত অনুদানের টাকা মাত্র তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমেও আমরা রেকর্ড সৃষ্টি করেছি। আর নাটোরবাসী এত বড় ঘটনার পরও মন্ত্রীকে হাতের কাছে পেয়েও তার প্রতি ক্ষোভ প্রকাশ না করে, সড়ক অবরোধ না করেও রেকর্ড সৃষ্টি করেছেন।’
এর আগে গতকাল সকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সিধুলী গ্রামে গিয়ে নিহত ব্যক্তিদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।