
একটু ভালো থাকার আশায় ঢাকায় এসেছিলাম ভাই-ভাবির সঙ্গে। বড় ভাই, ভাবি ও ভাবির গর্ভের শিশুকে হারালাম এই গার্মেন্টসের জন্য। আর আমি সারা জীবনের মতো পঙ্গু হলাম, জীবনে আর কখনো গার্মেন্টসের নাম নেব না।’ এভাবেই নিজের কথা বললেন রানা প্লাজা ধসে আহত আঙ্গুরা খাতুন। গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে আঙ্গুরা খাতুনসহ আহত ১৫ জনকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।
আঙ্গুরা খাতুন একা চলতে পারেন না। তাঁর বাঁ হাত পুরোটা অকেজো হয়ে গেছে। মাথার আঘাত নিয়মিত যন্ত্রণা দেয়। স্বামী আবদুল হান্নান পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনার পর তিনি সিরাজগঞ্জের নিজ গ্রামে চায়ের দোকান দিয়ে জীবন পার করার যুদ্ধ করছেন।
আঙ্গুরার মতো রোকেয়া খাতুনও একা চলতে পারেন না। অসুস্থ রোকেয়া ও দুই বছরের মেয়েকে রেখে স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। অসহায় রোকেয়া বলেন, ‘বৃদ্ধ বাবা আর পাঁচ বোনের সংসারে বোঝা হয়ে আছি।’ তিনি বলেন, ‘এই এক লাখ টাকা আমার কাছে এক কোটি টাকার সমান, এ টাকা দিয়ে আমার মেয়েকে মানুষ করব।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও স্কয়ার টয়লেট্রিজের বিপণন ব্যবস্থাপক জেসমিন জামান আহত ব্যক্তিদের হাতে চেক তুলে দেন। মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের আওতায় আহত ব্যক্তিদের মধ্যে ১২০ জনকে বাছাই করে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসনের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে ১৫ দিন পর পর ২০ জন করে আহত ব্যক্তিকে এই আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসিত করা হচ্ছে। এ পর্যন্ত এই সহায়তা পেয়েছেন ৬৫ জন।
গতকাল যাঁদের সহায়তা করা হলো: মোছা. ববিতা আক্তার, আঙ্গুরা খাতুন, জাকির হোসেন, শাপলা আক্তার, আলমগীর হোসাইন, মো. মনসুর আহমেদ, ময়না, মো. মাকছুদ, রেখা বেগম, মোছা. রোকেয়া খাতুন, নিলুফা বেগম, রিতা খাতুন, তারেকুল ইসলাম, মো. মোতালেব হাওলাদার ও মোছা. তাসলিমা বেগম।
তহবিলে আরও যাঁরা সাহায্য দিলেন: আরাফাত তপু, মামুন আহমেদ, আনিসুর রহমান, শামছুল আলম ও চন্দন সাহা একত্রে ১৪ হাজার টাকা। এ নিয়ে তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল দুই কেটি ১৫ লাখ ৪৩ হাজার ৯২৩ টাকা। এখন পর্যন্ত মোট ব্যয় হয়েছে এক কোটি আট লাখ ১৮ হাজার ৯৩৮ টাকা।