এক লাখ টাকা করে পেলেন রানা প্লাজায় আহত ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহতদের হাতে চেক তুলে দিচ্ছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। ছবি: খালেদ সরকার
আহতদের হাতে চেক তুলে দিচ্ছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। ছবি: খালেদ সরকার

মেরিল-প্রথম আলো সহায়তা তহবিল থেকে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত ১০ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
সহায়তা পাওয়া ওই ১০ জন হলেন জোসনা বেগম, আবদুর রশিদ, লাকি আক্তার, আবদুর রশিদ, মেঘলা খাতুন, সাবিনা, খোদেজা বেগম, শিউলি আক্তার, জুয়েল রানা ও মোবারক হোসেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আহত ওই ১০ জনকে চেক দেওয়া হয়।  
চেক নিতে আসা আহত শ্রমিক জুয়েল রানা বলেন, ‘সে সময় আমার কথা কেউ শুনতে পায় না। বাঁচাও বাঁচাও বলতে বলতে দম বন্ধ হয়ে গেছিল। পানির পিপাসায় আমার আওয়াজ বের হয় না গলা দিয়ে। আমার মনে পড়লে এহনো কান্দন আসে। পচে যাওয়া গন্ধ ভাত খাইছিলাম তখন।’
ওই দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া জোসনা বেগম বলেন, ‘মাথায় ব্যথা উঠলে আর সহ্য হয় না। এখনো পা ভেঙে বসতে পারি না, বিছানায় বাথরুম করতে হয়।’ তিনি আরও জানান, এ টাকা দিয়ে তিনি একটি দর্জির দোকান দেবেন।

চেক হাতে আহত ১০ জন। ছবি: খালেদ সরকার
চেক হাতে আহত ১০ জন। ছবি: খালেদ সরকার


জুয়েল রানা ও জোসনা বেগমের সুস্থ হতে আরও ছয় মাস সময় লাগবে বলে জানা গেছে।
চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।
সহায়তা তহবিলের পরিকল্পনা: মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের আওতায় আহত ব্যক্তিদের মধ্যে ১২০ জনকে বাছাই করে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসনের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি ১৫ দিন পর ২০ জন করে আহত ব্যক্তিকে এই আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসিত করা হচ্ছে। এ পর্যন্ত এই সহায়তা পেয়েছেন মোট ৫০ জন। 

তহবিলে মোট জমা পড়েছে দুই কোটি ১৫ লাখ ২৯ হাজার ৯২৩  টাকা। এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৯২ লাখ ৯৭ হাজার ৬১৮ টাকা ।