এক লাখ টাকা জরিমানা নদী সংরক্ষণের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর শাখা নদী বড়গাঙে বালু পরিবহনের জন্য বাঁধ দেওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বড়গাঙ বালুমহালের ইজারাদার ও বালু ব্যবসায়ীদের পক্ষ থেকে মোস্তাক আহমদ ও আবদুর রহমান গত রোববার পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ১০ মার্চ প্রথম আলোয় ‘বালু পরিবহনের জন্য বড়গাঙে বাঁধ!’ শিরোনামে সচিত্র প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের (মনিটরিং ও এনফোর্সমেন্ট) পরিচালক মোহামঞ্চদ মুনীর চৌধুরী ১১ মার্চ নোটিশ জারি করেনে।নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে বাঁধ অপসারণ করতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন এবং বাঁধ নির্মাণকারীদের ১৫ মার্চ ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। পরিবেশ অধিদপ্তরের নোটিশ পেয়ে ইউএনও ১২ মার্চ বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বড়গাঙের বাঁধ অপসারণ করান। ১৫ মার্চ বালু ব্যবসায়ী ও বালুমহালের ইজারাদারদের পক্ষে মোস্তাক আহমদ ও আবদুর রহমান তলবি নোটিশ পেয়ে পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে হাজির হন। গত রোববার এ-সংক্রান্ত শুনানি শেষে এক লাখ টাকা জরিমানা আদায় করে নদী সংরক্ষণের অঙ্গীকার করে গতকাল সোমবার তাঁরা ফিরে যান।যোগাযোগ করা হলে মোস্তাক আহমদ জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধের কথা জানিয়ে বলেন, বড়গাঙের বিরাট অংশ শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। স্থানীয় জনসাধারণের স্বার্থেই বালুশ্রমিকেরা বাঁধ দিয়েছিলেন বলে জানান। মোহামঞ্চদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যেকোনো স্বার্থে নদ-নদীতে এ ধরনের বাঁধ নির্মাণ আইনসিদ্ধ নয়। বাঁধের কারণে নদীতে পানির ধারণক্ষমতা হ্রাস পায় এবং পানির প্রবাহ বিঘ্নিত, মৎস্য ও জলজ সম্পদের ক্ষতি, জীববৈচিত্র্য বিনষ্ট ও সামগ্রিকভাবে ক্ষয়ক্ষতি হয়। বাঁধ নির্মাণকারীরা জরিমানা দিয়ে ভবিষ্যতে আর নদী শাসন করবেন না এবং নদী সংরক্ষণে ভূমিকা রাখবেন বলে লিখিত অঙ্গীকার করেন।