এক লাখ টাকার জাল নোট ও ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলের একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে পুলিশের সহকারী কমিশনার সাদিরা খাতুনের নেতৃত্বে ডিবির একটি দল মাতুয়াইলের একটি দোতলা বাড়ির নিচতলায় অভিযান চালায়। সেখান থেকে এক লাখ টাকার জাল নোটসহ শাহীন (২৬) ও সাইফুল ওরফে কামরুলকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাজুকে (৩০) গ্রেপ্তার করা হয়।সাদিরা খাতুন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। শাহীন ও কামরুল স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়িতে যৌথভাবে ভাড়া থাকেন। ডিবির জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, জাল নোট তৈরির হোতাদের কাছ থেকে এক হাজার টাকার জাল নোট তাঁরা ৪০০ টাকায় কেনেন। পরে তাঁরা এই জাল টাকা বিভিন্ন শপিং মলের সামনের খুচরা ব্যবসায়ীদের কাছে চালিয়ে দেন। উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে এক হাজার টাকার ৬২টি এবং বাকিগুলো ৫০০ টাকার। এসি সাদিরা জানান, ডিবি জাল নোট তৈরির হোতাসহ গোটা চক্রের সন্ধান পেয়েছে। অচিরেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।ফেনসিডিল উদ্ধার: এসি সাদিরা খাতুনের নেতৃত্বে ডিবির এই দলটি ওই দিন একই এলাকার মুসলিম নগর থেকে ফেনসিডিল ব্যবসায়ী হেলাল (২৮), রবিউল (৩০) ও নাসরিনকে (২৫) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।পকেটমার গ্রেপ্তার: গতকাল শুক্রবার ভোরে দলটি গুলশান থেকে ফার্মগেটগামী একটি ৬ নম্বর বাসে অভিযান চালিয়ে পকেটমার চক্রের নেতা আসলাম (৫০), নুরুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৪২), সাজু (২৮) ও সাইফুল ওরফে সহিদকে (২২) গ্রেপ্তার করে। এ সময় ডিবি তাঁদের কাছ থেকে আটটি চোরাই মুঠোফোনসেট উদ্ধার করেছে।