এক লাখ মানুষ গাইল জাতীয় সংগীত

একসঙ্গে জাতীয় সংগীত গাইল এক লাখ মানুষ। আজ বৃহস্পতিবার দিনাজপুর জেলার খানসামায় এক মানববন্ধনে উপজেলার এক লাখ মানুষ অংশ নেয় জাতীয় সংগীত পরিবেশনে। উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
খানসামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়। আজ সকালে মানববন্ধনটি উপজেলার উত্তর প্রান্তে ধর্মপুর বাদশা বাজার থেকে শুরু করে দক্ষিণে গোয়ালডিহি ইউনিয়নের চান্দেরদহ কাচিনিয়া পর্যন্ত মূল রাস্তাজুড়ে অনুষ্ঠিত হয়। উপজেলার সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কর্মজীবী নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিরা, সাংবাদিক, ইমাম, পুরোহিত, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ আপামর জনসাধারণ এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান প্রমুখ।