এক লাখ মানুষের প্রাণের দাবি একটি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরমাহমুদপুর খালে বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে আশপাশের চার উপজেলার ৬০টি গ্রামের প্রায় এক লাখ মানুষ। যাতায়াত ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাচ্ছে তারা। সাঁকোটি সরিয়ে সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় লোকজন জানায়, চরমাহমুদপুর খালে সারা বছর পানি থাকে। শুকনা মৌসুমেও পানির গভীরতা থাকে প্রায় ২০ হাত। বাঁশের সাঁকোর স্থানে ১০ বছর আগে এলজিইডি একটি পাকা সেতু নির্মাণ করেছিল। দুই বছর আগে এটি বন্যার পানির তোড়ে ভেঙে যায়। তখন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সহায়তায় ও স্থানীয় লোকজনের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়।সাঁকোটির পশ্চিম দিকে যমুনার পূর্ব পারে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি ও চালুয়াবাড়ী ইউনিয়ন, জামালপুরের মাদারগঞ্জের চরপাকেরদহ ও কড়ুইচূড়া ইউনিয়ন, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন ও মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের বসবাস। তাদের উপজেলা, জেলা সদরসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই সাঁকোটি। এ ছাড়া সাঁকোর পশ্চিম দিকে চরগোবিন্দি গ্রামে একটি উচ্চবিদ্যালয়সহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে একটি উচ্চবিদ্যালয়সহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে রয়েছে পাঁচটি ছোট-বড় হাটবাজার। সাঁকোটি দিয়ে প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ যাতায়াত করে। এ ছাড়া প্রতিদিন শতাধিক মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশাভ্যান চলাচল করে। হাটবারে মালামাল নামিয়ে হাতে বা মাথায় করে সাঁকো পারাপার করতে হয়।স্থানীয় বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হানিফ বলেন, পাকা সেতুর সময় পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচলে সমস্যা হতো না। সেতুটি ভেঙে যাওয়ার পর যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। বিশেষ করে মাহমুদপুরের চরগোবিন্দি এবং ইসলামপুরের কাজলা ও কাঠমা গ্রামের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। চরগোবিন্দি গ্রামের রেজাউল করিম বলেন, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে কাজলা মাঝবাড়ি ও কাঠমা ঘাট আছে। ওই ঘাট হয়ে যমুনার নৌপথে বোনারপাড়া ও বালাসীঘাটের মধ্যে ট্রলার ও নৌকায় করে যাত্রী পারাপার এবং ব্যবসায়ীরা পণ্য পরিবহন করেন। সাঁকোর স্থানে সেতু নির্মাণ করা হলে চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও পণ্য পরিবহন-ব্যয় সাশ্রয়ী হবে।মাহমুদপুর ইউপির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম তালুকদার জানান, এই অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি একটি সেতু এবং চরের কাঁচা রাস্তাগুলো পাকা করা।জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মেলান্দহ উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন বলেন, প্রায় তিন বছর হলো চরমাহমুদপুর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের প্রকল্প ঢাকায় এলজিইডির সদর দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখনো ওই প্রকল্পের অনুমোদন পাওয়া যায়নি।