এক লাখ যক্ষ্মা রোগী 'নিখোঁজ'
যক্ষ্মার জীবাণু বয়ে বেড়াচ্ছে বছরে এমন এক লাখ রোগীর হিসাব জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির হিসাবের মধ্যে নেই। এসব ‘নিখোঁজ’ রোগী যক্ষ্মা নির্মূলের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে গতকাল সোমবার যক্ষ্মা নির্মূল কৌশল ও নিখোঁজ রোগীদের বিষয়ে অবহিতকরণ সভায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তারা এসব কথা বলেন। সাংবাদিকদের জন্য যৌথভাবে এ সভার আয়োজন করে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, বেসরকারি সংস্থা ব্র্যাক এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় পরামর্শক আহমেদ পারভেজ জেবিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী বছরে প্রায় তিন লাখ যক্ষ্মার রোগী শনাক্ত হওয়ার কথা। কিন্তু সরকার ও সরকারের সঙ্গে থাকা এনজিওরা দুই লাখ রোগী শনাক্ত করতে পারছে। এই দুই লাখ রোগীর চিকিৎসা হচ্ছে এবং তাদের সব হিসাব ও তথ্য সরকারের কাছে আছে। কিন্তু বাকি এক লাখ রোগী কার কাছে চিকিৎসা নিচ্ছে, আদৌ নিচ্ছে কি না, তার হিসাব সরকারের কাছে নেই। কর্মসূচির পক্ষ থেকে এদের ‘নিখোঁজ’ (মিসিং) বলা হচ্ছে।
আহমেদ পারভেজ জেবিন বলেন, ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় (এমডিআর টিবি) আক্রান্ত রোগীরা হাসপাতালে থাকতে চায় না। তাদের চিকিৎসার আওতায় আনাও একটি চ্যালেঞ্জ।
সভায় জানানো হয়, এমডিআর টিবি নির্ণয়ে আগে দুই-তিন মাস সময় লাগত। পরীক্ষার জন্য নমুনা বিদেশে পাঠাতে হতো। এখন নতুন প্রযুক্তি দেশে আছে। দুই ঘণ্টায় এমডিআর টিবি নির্ণয় সম্ভব। এই রোগ নির্ণয়ের যন্ত্র আছে মোট ৩৯টি, এর মধ্যে বর্তমানে ছয়টি নষ্ট।
গত কয়েক বছর ধরে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের পক্ষ থেকে যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের কথা বারবার বলা হয়েছে। গতকাল ব্র্যাক ও সরকারি কর্মকর্তারা কিছু সমস্যার কথাও তুলে ধরেন। তাঁরা বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে আন্তর্জাতিক অর্থসহায়তা আগের চেয়ে কমে গেছে। অন্যদিকে শিশুদের যক্ষ্মা শনাক্ত করার মতো দক্ষ চিকিৎসকেরও ঘাটতি রয়েছে দেশে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, ব্র্যাকের অ্যাডভোকেসি পরিচালক কে এ এম মোর্শেদ বক্তব্য দেন। জাতীয় কর্মসূচির পরামর্শক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন হেলথ রিপোর্টার্স ফোরামের সহসভাপতি নুরুল ইসলাম হাসিব।