এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা, তিনজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর, হবিগঞ্জের মাধবপুর, ফরিদপুর, গোপালগঞ্জের কাশিয়ানি ও জয়পুরহাটের ক্ষেতলালে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক লাখ ৩০ হাজার টাকার জরিমানা আদায় ও তিনজনকে কারাদণ্ড দিয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:জামালপুর: নিয়মবহির্ভূতভাবে ছোট ছোট কক্ষের মধ্যে গাদাগাদি বিছানায় রোগীদের থাকার ব্যবস্থা করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গত রোববার জামালপুর শহরের আটটি ব্যক্তি মালিকানাধীন ক্লিনিকে অভিযান চালিয়ে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ ব্যাপারে আটটি মামলা দায়ের হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুলের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়। হাসপাতালগুলো হলো রিলায়েন্স হসপিটাল, পুনম নার্সিং হোম, সুফিয়া হার্ট সেন্টার, ইসলামী চক্ষু হাসপাতাল, জামালপুর সেন্ট্রাল হাসপাতাল, নকিব উদ্দিন হাসপাতাল, ইউনাইটেড জেনারেল হাসপাতাল ও আমিনা জেনারেল হাসপাতাল।মাধবপুর (হবিগঞ্জ): রোববার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর রান্নাঘর, পচা-বাসি খাবার বিক্রির দায়ে ঢাকা সিলেট পুরোনো মহাসড়কের ভাই ভাই হোটেলকে ৫০০ টাকা, সবুজ বাংলা হোটেলকে এক হাজার টাকা, নিউ স্বর্ণা হোটেলকে এক হাজার টাকা, বি. বাড়িয়া হোটেলকে ২০০ টাকা, সততা হোটেলকে এক হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে এক হাজার টাকা, কিছুক্ষণ হোটেলকে এক হাজার টাকার অর্থদণ্ডাদেশ দেন।ফরিদপুর: র‌্যাবের একটি দল রোববার শহরের টেপাখোলা জেকে পেট্রলপাম্পের কাছ থেকে আলা খাঁ (২৯) নামের এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক বিচার করে ওই ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। দণ্ড পাওয়া ব্যক্তির বাড়ি ডিক্রিরচর ইউনিয়নের খিদির বিশ্বাসের ডাঙ্গি গ্রামে।গোপালগঞ্জ: রোববার গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ কাশিয়ানি উপজেলার কালনা ফেরিঘাটে অভিযান চালিয়ে আধা কেজি ফেনসিডিলসহ নার্গিস নামে মাদকদ্রব্যের এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে উপজেলা চত্বরে নেওয়া হলে ইউএনও সুভাষ চন্দ্র বিশ্বাস তাঁকে ছয় মাসের কারদণ্ড দেন।ক্ষেতলাল (জয়পুরহাট): রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রামেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ উপজেলা সদরে মেসার্স সুনীল ফার্মেসি ও সাহা টেলিকমের দোকানে অভিযান চালায়। সুনীল ফার্মেসিতে অবৈধ ভারতীয় যৌন উত্তেজক সানাগ্রা, টার্গেট-১০০, পারকিটিনিন, ডেক্সামেথাসন ছাড়াও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করে জনসম্মুখে পুড়ে ফেলা হয়। এ ব্যাপারে একটি মামলা হলে সুনীল ফার্মেসির মালিক দেবাশিস চন্দ্র দেবনাথকে (২৬) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মেসার্স সাহা টেলিকমের বিরুদ্ধে অবৈধভাবে সিম বিক্রির অভিযোগ প্রমাণিত হলে আদালত দোকানের মালিক গোপাল চন্দ্র সাহার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।