এক লাশের টুকরা দুই থানায়, মাথা পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই থানা এলাকা থেকে গতকাল শনিবার টুকরা টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। কেরানীগঞ্জের পুলিশ উদ্ধার করেছে লাশের বুকের অংশ। আর হাতসহ পেট থেকে নিচের অংশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা। পুলিশ বলছে, লাশটি একই ব্যক্তির হতে পারে। কিন্তু মাথা উদ্ধার করা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজামান জানান, গতকাল বিকেলে কেরানীগঞ্জ থানাধীন ওয়াসপুর এলাকায় একটি লাশের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা পুরুষের মাথাবিহীন লাশের বুকের অংশ উদ্ধার করে।
এদিকে, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম জানান, প্রায় একই সময়ে তাঁরা হাত-পা-ঘাড় ও পেটসহ লাশের একাধিক অংশ রায়েরবাজারের বছিলা সেতুর কাছ থেকে উদ্ধার করেছেন। কেরানীগঞ্জ থানায় খণ্ডিত লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে তাঁরা দুই অংশ একসঙ্গে করে মিলিয়ে দেখেছেন। এতে মনে হয়েছে, লাশটি একই জনের হতে পারে। লাশের মাথা এখনো পাওয়া যায়নি।
মাঈনুল ইসলাম আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশের টুকরাগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।