এক লিটার দুধে ৬০ কেজি আলু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লিটার দুধ নিয়ে হিমাগারে গেলেই মিলছে এক বস্তা আলু। আর তাতে সাড়াও মিলেছে ভালোই। লোকসান মেনে নিয়েই আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের হাওলাদার হিমাগার কর্তৃপক্ষ এক লিটার দুধের বদলে হিমাগারে থাকা এক বস্তা গ্র্যানুলা আলু বিনিময় করেছেন। আর সংগ্রহ করা এসব দুধ তারা বিতরণ করে দিয়েছেন দুস্থদের মধ্যে।

হিমাগার কর্তৃপক্ষ জানায়, বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের ভয়ে ঠাকুরগাঁওয়ের চাষি ও ব্যবসায়ীরা আলু তুলতে হিমাগারমুখী হচ্ছেন না। আলুর বস্তার বিপরীতে কৃষকদের দেওয়া ঋণ ও হিমাগার ভাড়া আদায় করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন হিমাগারের মালিকেরা। তাই হিমাগারের এসব আলু অনেকই কম দামে বিক্রি করে দিচ্ছেন।

হাওলাদার হিমাগারের মালিক আবদুস সালাম হাওলাদার জানান, পাইকারদের সঙ্গে যোগাযোগ করার পর তারা প্রতি বস্তা (৬০ কেজি) আলু ৩০ টাকা দরে কিনতে চান। আলুর এমন দাম শুনে এক লিটার দুধের বিনিময়ে গবাদিপশু পালনকারীদের মাঝে আলুগুলো বিতরণ করে দেওয়ার ভাবনা তাঁর মাথায় আসে। সেই ভাবনা থেকেই তিনি দুধের বিনিময়ে আলু বিনিময়ের ঘোষণা দেন।

আবদুস সালাম বলেন, ‘বাজারে এক লিটার দুধের দাম ৪০ টাকা। গরুর খামারিরা যদি এক লিটার দুধ দিয়ে এক বস্তা আলু নিয়ে যায়, তাহলে পাইকারদের দামের চেয়ে তো আমি কম পেলাম না। আর সেই দুধ যদি অনাথ শিশুদের মাঝে বিতরণ করি, তাহলে লোকসান হলেও একটা তৃপ্তি পাওয়া যাবে।’

হাওলাদার হিমাগার সূত্রে জানা গেছে, হিমাগারের ধারণ ক্ষমতা দেড় লাখ বস্তা। কৃষক ও ব্যবসায়ীরা এ মৌসুমে এক লাখ ৩২ হাজার বস্তা আলু সংরক্ষণ করেন। আলুর চাহিদা ও দর কমে যাওয়ায় ওই আলুর মধ্যে ২২ হাজার বস্তা আলু এখনো তুলতে যাননি কৃষক ও ব্যবসায়ীরা। এতে হাওলাদার হিমাগার কর্তৃপক্ষ বড় লোকসানের মুখে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে জগন্নাথপুর এলাকার হাওলাদার হিমাগারে গিয়ে দেখা যায়, কয়েক শ নারী-পুরুষ হাতে দুধের বোতল নিয়ে দাঁড়িয়ে। তাঁরা সবাই দুধের বদলে আলু নিতে এসেছেন। সে সময় কথা হয় নিশ্চিন্তপুর মহল্লার আবদুল মমিনের সঙ্গে। তিনি জানান, এখন গবাদিপশুর খাদ্যের সংকট রয়েছে। ঘাসের পরিবর্তে এ আলু সিদ্ধ করে গরুকে খাওয়ানোর জন্য পাঁচ লিটার দুধ দিয়ে পাঁচ বস্তা আলু নিয়েছি। এতে আমি বেশ লাভবান হচ্ছি।

জগন্নাথপুর গ্রামের রওশন আলী বলেন, প্রতিদিন আট কেজি দানাদার খাবার খাওয়াতে হয়। আলু খাওয়ালে আমার দুই কেজি খাবার সাশ্রয় হবে। এতে ৭০ টাকা বাঁচবে। এ জন্য আলু নিতে এসেছি।

পাশেই পাত্র হাতে দুধ সংগ্রহ করতে এসেছে হিমাগারের আশপাশের দুস্থ নারী ও শিশুরা। দুধ নিয়ে ফিরে যাওয়ার সময় জগন্নাথপুর গ্রামের কৃষি শ্রমিক আছিয়া বেগম বলেন, আমার দুই ছেলে পড়ালেখা করে। ওদের বাজার থেকে দুধ কিনে খাওয়াতে পারি না। এখানে এসে এক লিটার দুধ পাইলাম। বাড়ি ফিরে বাচ্চা দুটোকে খাওয়াব।

সদর উপজেলার নারগুন গ্রামের বাসিন্দা আবদুর রশিদ জানান, পুরোনো আলু এখন আর কেউ খাচ্ছে না। তাই মালিকেরা হিমাগারে পড়ে থাকা আলু কম দামে বিক্রি করে দিচ্ছেন। আমি প্রতি বস্তা আলু ১৮০ টাকায় কিনে এনে গরুকে খাওয়াচ্ছিলাম। এখন প্রতি বস্তা আলুর দাম পড়ছে ৪০ টাকা। এতে অনেক সাশ্রয় হচ্ছে।

হিমাগার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় ১৩টি বেসরকারি হিমাগার রয়েছে। এসব হিমাগারে আলুর ধারণ ক্ষমতা ১৪ লাখ ২৮ হাজার বস্তা। গত মৌসুমে হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল ১৩ লাখ ৬৯ হাজার বস্তা আলু। দাম কমে যাওয়ায় ১০ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, চার লাখ বস্তার ওপরে আলু হিমাগার থেকে বের হয়নি। চাষি ও ব্যবসায়ীদের সংরক্ষণ করা এসব আলু নিয়ে বিপাকে পড়েছেন হিমাগার মালিকেরা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কেএম মাউদুদুল ইসলাম বলেন, গত মৌসুমে সারা দেশেই আলুর বাম্পার ফলন হয়েছিল। এ কারণে বাজারে আলুর চাহিদা কম। চাহিদা না থাকায় দামও কমে গেছে। এতে কৃষক-ব্যবসায়ীরা সংরক্ষণ করা আলু তুলতে হিমাগারে যাচ্ছেন না। তাই হিমাগারের মালিক এসব আলু দুধের বিনিময়ে গবাদিপশুর মালিকদের মধ্যে বিতরণ করে সেসব দুধ দুস্থ শিশুদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।