এক লিটার পানি দুই টাকা
একেকজন খালি বোতল হাতে নিয়ে আসছেন। ভরে নিয়ে যাচ্ছেন বিশুদ্ধ পানি। এর জন্য দিতে হচ্ছে লিটারপ্রতি দুই টাকা। এ চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। রোগীর আত্মীয়স্বজন, হাসপাতালের কর্মচারী, নিরাপত্তাকর্মীরা এ পানির প্রধান গ্রাহক। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে।
গত শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, পানির ফিল্টার মেশিনের সামনে লোকজন লাইন দিয়ে খালি বোতল হাতে দাঁড়িয়ে আছেন। রাতের জন্য পানি সংগ্রহ করছেন। ফিল্টার মেশিনে লেখা রয়েছে, ‘এখানে পানির পাত্র রাখবেন না। পাত্র হারালে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’
পানি নিতে আসা একজন জানালেন, হাসপাতাল থেকে রোগীর ছুটি হয়ে গেছে। ঢাকার বাইরে যেতে হবে। রাস্তায় পানি লাগবে। তাই বাইরে থেকে বেশি দাম দিয়ে পানি না কিনে এখান থেকে বড় বোতলে করে পানি নিয়ে যাচ্ছেন।
এই প্রতিষ্ঠানের কর্মী মিজান একটার পর একটা বোতলে পানি ভরে দিচ্ছিলেন। তবে তিনি দুই লিটার পানির দাম নিচ্ছিলেন পাঁচ টাকা। দুই লিটার পানির দাম চার টাকা নেওয়ার কথা, কিন্তু পাঁচ টাকা কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের বেশির ভাগ লোকজন এসে বোতল পরিষ্কার করে দিতে বলে। এতে প্রচুর পানি খরচ হয়। এ ছাড়া পুলিশ ক্যাম্পের অনেকেই এবং কর্মচারীদের অনেকেই দিনে কয়েক লিটার পানি নেন বিনা মূল্যে। তাই দাম একটু বেশি রাখা হচ্ছে।
প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিষ্ঠানটি হংকং-ভিত্তিক। বাংলাদেশে অফিস পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশে। প্রতিষ্ঠানের লক্ষ্য সুলভ মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা। সাইফুল ইসলাম জানালেন, প্রথম দিকে রাজধানীর বিভিন্ন শপিং মল, হাসপাতালে ফিল্টার মেশিন বসানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ও নতুন ভবনের সামনে দুটি মেশিন চালু আছে। দিনে গড়ে দুটি মেশিনে এক হাজার লিটার পানি বিক্রি করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে বিশুদ্ধ পানি বিক্রির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি পেয়েছে বলে জানালেন কর্মরত ব্যক্তিরা। তবে ওয়াসার পানি ব্যবহারে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গভীর নলকূপের পানি ফিল্টারে বিশুদ্ধ করে তারা বিক্রি করছে। এ জন্য অবশ্য তারা হাসপাতাল কর্তৃপক্ষকে পানি ও বিদ্যুৎ বিল দিচ্ছে বলে জানালেন কর্মকর্তারা।
হাসপাতালে রোগীর আত্মীয়স্বজন সময় এবং টাকা বাঁচানোর জন্য এ পানির ওপর ভরসা করছেন। তবে পানি যে আসলেই বিশুদ্ধ, তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন। সাইফুল ইসলাম জানালেন, পানি পুরোপুরি বিশুদ্ধ। পাঁচ স্তরবিশিষ্ট ফিল্টার মেশিন ব্যবহার করা হচ্ছে। দুই থেকে তিন দিন পরপর ফিল্টার পরিবর্তন করা হয়।