এক লেভেল ক্রসিংয়ে দিনে ৮ ঘণ্টা অপচয়!
রেলওয়ের একটি লেভেল ক্রসিংয়ের জন্য গাজীপুর শহরবাসীর দৈনিক আট-নয় ঘণ্টা সময় অপচয় হচ্ছে। শহরের শিববাড়ী থেকে রাজবাড়ী যাওয়ার পথে লেভেল ক্রসিংটি অবস্থিত। ট্রেন চলাচলের সময় এটি নামানো থাকে। ফলে সড়কের দুই পাশে দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকে।৮ ডিসেম্বর সকাল সাতটা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত লেভেল ক্রসিং এলাকায় অবস্থান করে দেখা গেছে, সাড়ে পাঁচ ঘণ্টায় মোট ১৮টি ট্রেন চলাচল করেছে। এ জন্য লেভেল ক্রসিংয়ের দণ্ডটি তিন ঘণ্টাই নামানো ছিল। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে পূর্ব দিকে সাড়ে তিন কিলোমিটার দূরে শিববাড়ী। এখান থেকেই গাজীপুর মূল শহরটির শুরু। শিববাড়ী থেকে রাজবাড়ীর দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এই দেড় কিলোমিটার সড়কের মাঝামাঝি স্থানে কালীমন্দিরের পূর্ব পাশে লেভেল ক্রসিংটি অবস্থিত। এটি গাজীপুর শহরকে পূর্ব-পশ্চিমে দুই ভাগে ভাগ করেছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জানান, লেভেল ক্রসিংয়ের ১০০ মিটার দক্ষিণে জংশনটি অবস্থিত। দিনে-রাতে ৪৮টি ট্রেন এ পথ দিয়ে চলাচল করে। প্রতিবার ট্রেন যাওয়া-আসার সময় লেভেল ক্রসিংয়ের দণ্ডটি ১০-১৫ মিনিট নামিয়ে রাখতে হয়। গাজীপুর সদরের চতর এলাকার ব্যবসায়ী কলিম উদ্দিন বলেন, ‘শিববাড়ী থেকে রাজবাড়ী যাওয়ার এটিই একমাত্র সড়ক। এলাকাবাসী ওই স্থানে একটি রেলওভার ব্রিজ (উড়াল রেল সেতু) নির্মাণের দাবি জানিয়ে এলেও আজ পর্যন্ত তা করা হয়নি। যানজটে অতিষ্ঠ হয়ে গেছি।’গত ৮ ডিসেম্বর সকাল সাতটা ২০ মিনিটে লেভেল ক্রসিংয়ের দণ্ডটি নামিয়ে রাখতে দেখা গেছে। এ সময় ‘মহুয়া এক্সপ্রেস’ নামের একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি চলে গেলে সাতটা ৪০ মিনিটে দণ্ডটি দু-তিন মিনিটের জন্য উঠিয়ে ফের নামিয়ে দেওয়া হয়। সাতটা ৫০ মিনিটে ‘যমুনা এক্সপ্রেস’ ঢাকার দিকে যায়। এরপর আটটা ৩৫ ও আটটা ৫৫ মিনিটে ঢাকা ছেড়ে যায় তিস্তা ও ধূমকেতু এক্সপ্রেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ব্যস্ততা ও যানজট দুই-ই বাড়তে থাকে। ১০টা ৫৫ মিনিটে ফের লেভেল ক্রসিংয়ের দণ্ডটি নামিয়ে দেওয়া হয়। ওই সময় পর পর নীলসাগর, কমিউটার, ব্রহ্মপুত্র ও একতা—এই চারটি ট্রেন ঢাকার দিকে যায়। এ সময় প্রায় ৩৫ মিনিট সড়ক বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট হয়। যানবাহনের জটলা শহরের রাজবাড়ী মাঠ থেকে শিববাড়ী পর্যন্ত পৌঁছে যায়। বেলা ১১টার দিকে যানজটে ব্যক্তিগত গাড়ি নিয়ে আটকে ছিলেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিদিন অফিস করতে গাজীপুর শহরে আসতে হয়। প্রায়ই যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। অনেক সময় সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারি না।’জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার বলেন, আপ-ডাউন মিলিয়ে দিনে ৪৮টি ট্রেন এই পথে চলাচল করে। প্রতিটি ট্রেনের জন্য লেভেল ক্রসিংটি আধঘণ্টা করে নামিয়ে রাখার কথা। কিন্তু শহরের গুরুত্বপূর্ণ শিববাড়ী-রাজবাড়ী সড়কের ওই ক্রসিংটি প্রতিবার ট্রেন অতিক্রমের সময় ১০-১৫ মিনিট বন্ধ রাখা হয়। এতে দিনে গড়ে প্রায় আট-নয় ঘণ্টা লেভেল ক্রসিংটি বন্ধ রাখতে হয়। গাজীপুরের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শেখ শফিকুল আলম বলেন, ‘ওই স্থানে রেল ওভারব্রিজ খুবই জরুরি। ব্রিজটি অনুমোদনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে রয়েছে।’ গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান প্রথম আলোকে জানান, গাজীপুরের রাজবাড়ী সড়কে রেল ওভারব্রিজ নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।