এক শ দিনে নিহত ৮৭৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল সোমবার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছেলেমেয়েসহ এক বাবা নিহত হয়েছেন। একই দিনে সিলেটে বাস খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মা-ছেলে। এ ছাড়া গত রোববার থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাসহ আরও সাত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ জন।
এ নিয়ে গত ১০০ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ হারালেন ৮৭১ জন।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর বোর্ডঘর এলাকায় গতকাল রাত আটটার দিকে বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী মো. সফিকুর রহমান (৩৫), তাঁর মেয়ে অঞ্জনা আক্তার (৬) ও দেড় বছরের ছেলে মো. এলাহী। গুরুতর আহত হয়েছেন সফিকুরের স্ত্রী রাহেলা আক্তার (৩০)। তাঁদের বাড়ি টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর গ্রামে।
সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং মোহাম্মদপুর এলাকায় গতকাল বিকেলে বাস খাদে পড়ে নিহত হয়েছেন গোয়াইনঘাট উপজেলার নয়াগাঙের পাড় গ্রামের আল-আমিনের স্ত্রী শিল্পী আক্তার ও তাঁর ছেলে সাইফ আহমদ (১)। দুর্ঘটনায় শিল্পীর স্বামী, আরেক ছেলেসহ ১০ জন আহত হন।
রাজধানীতে নিহত হয়েছেন চারজন। গতকাল সকালে যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত হন ডেমরার বাঁশেরপুল এলাকার জিল্লুর রহমান। রোববার রাতে বিমানবন্দরের গোলচত্বরে গাড়ির ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী মিলন মিয়া। তিনি রূপনগর এলাকায় থাকতেন। একই রাতে গাবতলী মোড়ে লরির ধাক্কায় বাইসাইকেল আরোহী সাভার রেডিও কলোনি বাসিন্দা মো. নাহিদ নিহত হন। আর গতকাল রাতে সোনারগাঁও ক্রসিংয়ে বাসের ধাক্কায় নিহত হন সুমন নামের এক ব্যক্তি।
এ ছাড়া বাগেরহাটে দুই শ্রমিক, হবিগঞ্জে দুই ব্যক্তি, সিরাজগঞ্জে এক বৃদ্ধ, খাগড়াছড়িতে এক শিশু, নারায়ণগঞ্জে এক ব্যক্তি ও ঝিনাইদহে দুজন নিহত হয়েছেন।