এক শ বছর বয়স তবু জুটছে না ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলমালা বিশ্বাস, বনফুল বিশ্বাস
ফুলমালা বিশ্বাস, বনফুল বিশ্বাস

স্বামী মারা গেছেন অনেক আগেই। দেশ স্বাধীনের পর চার ছেলের তিনজন পাড়ি জমিয়েছেন ভারতে। থাকেন ছোট ছেলের সংসারে। সেখানে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বয়স প্রায় ১০০ বছর। তবু ভাতা পান না ফুলমালা বিশ্বাস (৯৮)।
ফুলমালার মতোই শতবর্ষী বনফুল বিশ্বাসের ভাগ্যেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড। বয়সের ভারে কুঁজো হয়ে হাতের ওপর ভর করে কোনো রকমে চলাফেরা করেন তিনি। আট সন্তানের জননী বনফুল বিশ্বাস দারিদ্র্যের কশাঘাতে জীবনের শেষ প্রান্তে এসে একটি কার্ডের আকুতি জানিয়েছেন।
ফুলমালা ও বনফুলের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পশ্চিমপাড়া গ্রামে। ১২ মার্চ সেখানে গিয়ে দেখা যায়, অসুস্থ ফুলমালা বসে আছেন ঘরের কোণে। বয়সের ভারে শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে। আর বনফুল চোখে কম দেখেন, কানেও ভালো শোনেন না।
ফুলমালার ছেলে আনন্দ বিশ্বাস (৭০) বলেন, ‘মায়ের তো হয়েছেই। আমার নিজেরও কার্ড পাওয়ার বয়স হয়েছে। কয়েক বছর ধরে মেম্বর শেখ আবুল কালাম আজাদকে কার্ড করে দেওয়ার জন্য অনেক বলেছি। কিন্তু তিনি নানা অজুহাত দেখাচ্ছেন। আমাদের চেয়েও কম বয়সী লোকজন কার্ড পেয়েছে। আমরা পাইনি।’
ইউপি সদস্য শেখ আবুল কালাম আজাদ বলেন, ‘তাঁরা ভাতা পাওয়ার উপযোগী, কিন্তু যে পরিমাণ কার্ড বরাদ্দ পাই, তা দিয়ে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। তাঁদের ব্যাপারে কেউ সুপারিশ করে নাই। যাঁদের সুপারিশ ও যোগাযোগ করার লোক আছে, তাঁরাই ভাতার কার্ড পান।’
কান্নাজড়িত কণ্ঠে বনফুল বিশ্বাস বলেন, ‘দুই বছর আগে ওয়ার্ডের মহিলা মেম্বর দুখি বেগমকে কার্ড করে দেওয়ার কথা বললে আমার কাছে তিন হাজার টাকা চায়। টাকা দিতে না পারায় কার্ড পাই নাই।’
নারী ইউপি সদস্য দুখি বেগম বলেন, ‘ফুলমালার বয়স অনেক, যেকোনো সময় মারা যেতে পারেন। তাঁকে কার্ড দিয়ে কী লাভ?’ বনফুল বিশ্বাসের কাছে তিন হাজার টাকা দাবি করার বিষয়টি তিনি অস্বীকার করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা বলেন, ‘যাঁদের বয়স বেশি তাঁরা অগ্রাধিকার পাবেন। চেয়ারম্যান ও মেম্বারদের খামখেয়ালিপনার কারণে অনেক বয়স্ক দরিদ্র মানুষ ভাতা থেকে বঞ্চিত হন। ভবিষ্যতে ফুলমালা বিশ্বাস ও বনফুল বিশ্বাসের মতো বয়স্কদের ভাতা প্রাপ্তির বিষয়টি বিশেষ বিবেচনায় আনব।’
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, নারীর ৬৩ ও পুরুষের ৬৫ বছর বয়স হলে তাঁরা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন।