বাংলাদেশে হেপাটাইটিস ‘সি’ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের প্রায় এক শতাংশ মানুষের শরীরে রয়েছে এ রোগের জীবাণু।গতকাল শনিবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটোলজি সোসাইটি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলা হয়। সভায় আলোচকেরা বলেন, সচেতনতা সৃষ্টি করা ছাড়া এ রোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। এ ক্ষেত্রে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় আলোচকেরা বলেন, দূষিত রক্ত নেওয়া, ঝুঁকিপূর্ণ শারীরিক মেলামেশা এবং মা থেকে সন্তানের মধ্যে ‘বি’ ও ‘সি’ ভাইরাস ছড়ায়। ‘বি’ ভাইরাসের টিকা পাওয়া গেলেও তা ব্যবহারে রয়েছে নানা প্রতিবন্ধকতা।আলোচকেরা আরও বলেন, লিভার ক্যানসারের জন্য হেপাটাইটিস ‘বি’ ভাইরাস ২৫ থেকে ৫০ শতাংশ দায়ী। গর্ভবতী মায়েদের বড় অংশ এই রোগে আক্রান্ত। ফলে নবজাতকের দেহেও এ ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মবিন খান। আলোচনায় অংশ নেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক এ কে এম খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।