এক শয্যায় একাধিক শিশু রোগী মেঝেতেও জায়গা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ বণিক (৬ মাস), মেঘা (১০ মাস) ও নঈমকে (১১ মাস) একই শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে পাঁচ-সাত দিন ধরে। এরা ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসে। তাদের পাশের শয্যার নিউমোনিয়ায় আক্রান্ত একটি শিশু আগে মারা গেছে। তাই এ তিন শিশুর বাবা-মায়েদের দুশ্চিন্তার শেষ নেই। গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। চিকিৎসকেরা জানান, শিশু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় শিশু ওয়ার্ডের বেশির ভাগ শয্যাতেই একাধিক রোগী রাখা হয়েছে। তাদের সঙ্গে গাদাগাদি করে আছেন অভিভাবকেরা। চিকিৎসকদের মতে, আবহাওয়া পরিবর্তনের কারণে চট্টগ্রামে শিশুরা ব্যাপক হারে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, এক মাস ধরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার তিন-চার গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। এ কারণে গত এক মাসে এক দিনও ওয়ার্ডের মেঝে পরিষ্কার করা সম্ভব হয়নি। কারণ, একটি শয্যায় দু-তিনজন রাখার পর মেঝেতেও একইভাবে রাখা হয়েছে শিশুদের।কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে আসা আবদুল কাদের বলেন, এখানে শিশুদের ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে না। বারবার ডাকার পরও চিকিৎসক আসেন না।অভিযোগ সম্পর্কে হাসপাতালের শিশু বিভাগের প্রধান মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ডে চিকিৎসক যাঁরা আছেন, তাঁরা দিনরাত সেবা দিচ্ছেন। কিন্তু দুই শতাধিক শিশু রোগীর জন্য আমাদের আছেন মাত্র তিনজন সেবিকা। চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী নেই।’রেজাউল করিম আরও বলেন, ২০১০ সালের রোগীর পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর ১৫ শতাংশই শিশু। অথচ শিশু ওয়ার্ডের জন্য জায়গা বরাদ্দ আছে মোট হাসপাতালের মাত্র দশমিক শূন্য ৫ শতাংশ।এখানে পেডিয়াট্রিক আইসিইউ এবং নিউনেটাল আইসিইউ (২৮ দিনের কম বয়সী শিশুদের জন্য) নেই।হাসপাতাল সূত্রে জানা যায়, সকালের দিকে চিকিৎসক, শিক্ষানবিশ চিকিৎসক ও নার্স পাওয়া যায়। কিন্তু রাতে হাসপাতালে জনবলসংকটের কারণে রোগীরা চিকিৎসা পায় না। শিশু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার নয়ন কান্তি পাল প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ও রাতে সেবিকা-সংকটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয়। শিশু ওয়ার্ডে সকালে ছয়জন এবং রাতে তিনজন সেবিকা কাজ করেন বলে জানান তিনি।