এক শরিফুলের কাছে ৫০০ কৃষক জিম্মি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভাতশালা গ্রামের বাসিন্দারা শরিফুল ইসলাম নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছেন। ভাতশালা গ্রামে তাঁর দুটি এবং পাশের বেলওয়া গ্রামে পাঁচটি গভীর নলকূপ রয়েছে।
নলকূপগুলো থেকে ওই দুটি গ্রামসহ পাশের ছয়ঘট্টি, সিংড়া ও মরিচা গ্রামের প্রায় ৫০০ কৃষকের সাড়ে তিন শ একর জমিতে সেচের পানি দেন তিনি। সেচের জন্য তিনি কৃষকদের কাছ থেকে ইচ্ছামতো টাকা নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ঘোড়াঘাট কার্যালয়ের তথ্যমতে, বেলাওয়া ও ভাতশালা এলাকায় শরিফুল একচ্ছত্রভাবে সেচ ব্যবসা পরিচালনা করেছেন। সেখানে অন্য কাউকেই তিনি গভীর নলকূপ স্থাপন করতে দেন না। ফলে সেখানকার প্রায় ৫০০ কৃষক তাঁর কাছে জিম্মি হয়ে পড়েছেন। এ সুযোগে শরিফুল কৃষকদের কাছ থেকে সেচ কমিটির নির্ধারিত দামের চেয়েও দু-তিন গুণ বেশি টাকা নিচ্ছেন।
ইউএনও তবিবুর রহমান জানান, যেসব জমি উঁচু এবং পানি ধারণক্ষমতা কম, সেখানে উপজেলা সেচ কমিটির নির্ধারিত সেচ চার্জ প্রতি একরে তিন হাজার ৪০০ টাকা। আর যেসব জমি নিচু এবং পানির ধারণক্ষমতা বেশি, সেখানে চার্জ নির্ধারণ করা রয়েছে একর প্রতি দুই হাজার ৮০০ টাকা।
সম্প্রতি সরেজমিনে গেলে ছয়ঘট্টি গ্রামের মাহবুবুর রহমান, আবু বক্কর, বেলওয়া আদিবাসী পাড়ার সজনী হেম্ব্রম, বাইসন হাসদা, বেলওয়া ও ভাতশালা গ্রামের কয়েকজন কৃষক জানান, শরিফুল কৃষকদের কাছ থেকে ইচ্ছামতো সেচ চার্জ আদায় করছেন। সেচ চার্জ বাবদ প্রতি একর জমিতে কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।
ছয়ঘট্টি গ্রামের মাহবুবুর রহমান এবং বেলওয়া গ্রামের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর নীরেন চন্দ্র বর্মণ জানান, কৃষকদের কাছ থেকে শরিফুলের গলাকাটা চার্জ আদায়ের বিষয়ে দুই বছর আগে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। এ প্রসঙ্গে ইউএনও তবিবুর রহমান বলেন, শরিফুলের সেচ চার্জ বেশি নেওয়ার অভিযোগ পেয়ে বিএডিসির উপসহকারী কর্মকর্তা জাফর উল্লাহ্কে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জাফর উল্লাহ্ প্রথম আলোকে বলেন, শরিফুলের বেলাওয়া মৌজায় পাঁচটি এবং ভাতশালা গ্রামে ভাইয়ের নামে দুটি গভীর নলকূপও নিয়ন্ত্রণ করছেন। এসব গভীর নলকূপ থেকে শরিফুল প্রতি এক একর জমিতে সেচের পানি দেওয়ার জন্য পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকা আদায় করেন। কৃষকেরা অতিরিক্ত সেচ চার্জের বিষয়ে অভিযোগ করলে শরিফুল অভিযোগকারীদের জমিতে সেচের পানি বন্ধ করাসহ বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। জানতে চাইলে শরিফুল ইসলাম অতিরিক্ত সেচ চার্জ নেওয়া এবং কৃষকদের হয়রানির বিষয়টি অস্বীকার করেছেন।