এক শাখার মাঠকর্মী হয়ে অন্য শাখায় ঋণ বিতরণ!
সোনালী ব্যাংক বরগুনা কোর্ট বিল্ডিং শাখায় কর্মরত হয়েও পাথরঘাটা শাখায় ঋণ বিতরণ করেছেন মিজানুর রহমান নামের এক মাঠকর্মী। গত এক বছরে তিনি সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখায় দুই কোটি ২৫ লাখ টাকা ঋণ বিতরণ করেছেন।
তাঁকে ঋণ মঞ্জুরি ও বিতরণে সহযোগিতা করছেন পাথরঘাটা শাখার ব্যবস্থাপক সামসুল হক। আর ব্যাংকের পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মতিয়ার রহমান তাঁদের পেছনে থেকে সব কিছু দেখভাল করছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনালী ব্যাংক পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, এক শাখার কর্মকর্তা হয়ে মাঠকর্মী মিজানুর রহমান আরেক শাখায় ঋণ বিতরণ করেছেন। এ কাজে পাথরঘাটা শাখা ব্যবস্থাপক সামসুল হকের যোগসাজশে দুই কোটি ২৫ লাখ টাকার ৭৯৪টি ঋণ বিতরণ করা হয়েছে। এতে ব্যাংকের টাকা বেহাতসহ মোটা অঙ্কের টাকা আত্মসাৎ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. মতিয়ার রহমান মোল্যা সম্প্রতি পাথরঘাটা শাখা পরিদর্শনে আসেন। তিনি স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণ বিতরণে অনিয়মসহ শাখা ব্যবস্থাপনায় নির্দেশনা অমান্য করা ও ব্যাংকের সার্কুলার মানা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেন।
লিখিত প্রতিবেদনে তিনি জানান, ব্যাংকের পাথরঘাটা শাখায় স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণ খাতে ঋণ স্থিতি বেড়েছে এক হাজার ৬৩ দশমিক ৬৪ লাখ টাকা, যা অত্যন্ত সন্দেহজনক।
সোনালী ব্যাংকের পটুয়াখালী আঞ্চলিক কার্যালয় ও পাথরঘাটা শাখা সূত্রে জানা গেছে, বরগুনা কোর্ট বিল্ডিং শাখার মাঠকর্মী মিজানুর গত বছরের ৬ মে থেকে চলতি বছরের ১৫ জুন পর্যন্ত সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখায় দুই কোটি ২৫ লাখ টাকার ঋণ বিতরণ করেছেন। এই ঋণ তাঁর নিজ ইউনিয়ন পাথরঘাটার কালমেঘায় বিতরণ করা হয়েছে। এক শাখার মাঠকর্মী হয়ে অন্য শাখায় ঋণ বিতরণ ব্যাংক ব্যবস্থাপনা ও নীতিমালায় অবৈধ। এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন পাথরঘাটা শাখার ব্যবস্থাপক সামসুল হক। এ ঘটনায় পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের এজিএম মতিয়ার রহমানও জড়িত রয়েছেন।
সম্প্রতি সোনালী ব্যাংক পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের তদন্তে এ ঘটনা প্রকাশ পায়। তদন্তের পর ৩ জুলাই মিজানুরকে বরগুনা কোর্ট বিল্ডিং শাখা থেকে পটুয়াখালীর সুবিদখালী শাখায় বদলি করা হয়।
অভিযোগ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘ফোনে বলা যাবে না। আপনার সঙ্গে দেখা করে বুঝিয়ে বলতে হবে।’ পাথরঘাটা শাখা ব্যবস্থাপক সামসুল হক ঘটনাটি এড়িয়ে গিয়ে বলেন, ‘এ ব্যাপারে পরে কথা হবে।’
এজিএম মতিয়ার রহমান বলেন, ‘মিজান কোনো ঋণ বিতরণ করেননি। তিনি আগের ঋণ আদায় করতে ওই শাখায় গিয়েছিলেন।’ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষিঋণ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ শাহ আলী মোসাদ্দেক প্রথম আলোকে জানান, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।