এক শিক্ষক অনুমতি ছাড়াই অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক সহকারী অধ্যাপক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভাগের কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম মো. আশিকুর রহমান। বর্তমানে তিনি কোথায় আছেন তা বিভাগের শিক্ষকেরা বলতে পারছেন না। এর আগেও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দুবার দেশের বাইরে চলে গিয়েছিলেন তিনি।

গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমানকে ১৬ মের মধ্যে কর্মস্থলে যোগদানের সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে যোগদান না করলে ১৭ মে আশিকুরের অপসারণ কার্যকর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, সিন্ডিকেটের সিদ্ধান্তের পর আশিকুর রহমান ১৫ মে বিভাগে যোগ দেন। উপস্থিত ছিলেন ৩১ মে পর্যন্ত। বর্ষা ও ঈদের ছুটিতে গত ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ৯ জুলাই থেকে শ্রেণি কার্যক্রম শুরু হলেও তিনি এখনো বিভাগে যোগ দেননি।  

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন প্রথম আলোকে বলেন, আশিকুর রহমান কাউকে কিছু না জানিয়ে বিভাগের কার্যক্রমে অনুপস্থিত আছেন। বিভিন্নভাবে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘অনুমতি ছাড়াই বিভাগের কার্যক্রমে আশিকুর রহমানের অনুপস্থিতির বিষয়টি শুনেছি। যদি এটি হয়ে থাকে তাহলে অত্যন্ত দুঃখজনক। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।’

রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, আশিকুর রহমান অনুমতি না নিয়ে ২০১৬ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ১৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। এর আগে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ২১ মে পর্যন্ত এক বছর তিন মাস বিনা অনুমতিতে বিদেশ অবস্থান করেছিলেন।