চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষকের পদ থাকলেও আছেন মাত্র একজন সহকারী শিক্ষক। তিনি একাই সব শ্রেণির মিলে ২০৬ জন শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন। এতে তিনি হিমশিম খাচ্ছেন, পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানও নিম্নমুখী হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ শিক্ষাবর্ষের শুরুতে এ বিদ্যালয়ে ছয়জন শিক্ষকই ছিলেন। ৯ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক বহুলুল শাহীন গিরিশনগর, ৯ মার্চ সহকারী শিক্ষক শিরিন সুলতানা হাজরাহাটি ও একই তারিখে সহকারী শিক্ষক শাহিদা খাতুন বুজরুক গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন। ২৮ নভেম্বর প্রধান শিক্ষক আবুল কাশেম অবসরে যান। এ ছাড়া সহকারী শিক্ষক আতিকুর রহমান ১ জানুয়ারি থেকে ১৮ মাসের প্রশিক্ষণে কুষ্টিয়া প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) যান। এখন একমাত্র সহকারী শিক্ষক মিজানুর রহমানকে একাই সব সামলাতে হচ্ছে।
গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, মিজানুর একাই প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এ সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নাম ডাকার (রোল কল) সময় অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা হইচই ও বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছে। এভাবে তিনি যখন যে শ্রেণিতে যাচ্ছেন, অন্য শ্রেণির ছাত্রছাত্রীরা তখন হইচই-আড্ডায় ব্যস্ত হয়ে পড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, তাঁর বড় মেয়ে এই বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু শিক্ষকের অভাবে বিদ্যালয়ে পড়াশোনা ব্যাহত হওয়ায় ফল খারাপ হয়েছে। ছোট মেয়েকে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে রাখবেন কি না, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ইতিমধ্যে কিছু শিক্ষার্থী এই প্রাথমিক বিদ্যালয় ছেড়ে একটি কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর এ বিদ্যালয়ে ২৬০ জন শিক্ষার্থী ছিল, এবার শিক্ষার্থীর সংখ্যা ২০৬ জন।
বিদ্যালয়ের একমাত্র শিক্ষক মিজানুর রহমানও স্বীকার করেন, শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার মান নেমে গেছে। তিনি দাবি করেন, দ্রুততম সময়ে শিক্ষক পদায়ন না হলে শিক্ষার মান ও শিক্ষার্থীদের ধরে রাখা যাবে না।
বিদায়ী প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, জেলার একজন শীর্ষস্থানীয় রাজনীতিকের চাপে তিনি তিন শিক্ষককে ছাড়পত্র দিয়েছেন। অথচ নিয়ম রয়েছে শূন্য পদে শিক্ষক পদায়ন নিশ্চিত করেই পুরোনো কাউকে বদলি করা। এ বিদ্যালয়ের ক্ষেত্রে তা করা হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের এ পরিস্থিতির কথা শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের কেউই তাঁকে জানাননি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।