এক শিক্ষক দিয়ে ২২০ শিক্ষার্থীর পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক সংকটে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে ২২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র একজন। ওই একজনকেই দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি জোড়াতালি দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে।বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে মোট পাঁচজন শিক্ষক আছেন। এর মধ্যে গত বছরের নভেম্বরে তিনজন শিক্ষক কুড়িগ্রাম জেলায় বদলি হয়ে যান। সহকারী শিক্ষক শাপলা বেগম গত ১ জুলাই থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। ওই সময় থেকে একজন শিক্ষক দিয়ে কাজ চলছে।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নুরুন্নবী ও আশরাফুল জানায়, প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় ক্লাস ঠিকমতো হচ্ছে না। কেবল প্রধান শিক্ষক ক্লাসে এসে পড়া দেখিয়ে দিয়ে চলে যান।বিদ্যালয়সংলগ্ন গজারিয়া গ্রামের অভিভাবক রকিবুল আলম জানান, শিক্ষকের অভাবে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তারা আসন্ন বার্ষিক পরীক্ষার আগে পাঠ্যক্রম শেষ করতে পারবে না। এ নিয়ে অভিভাবকেরাও চিন্তিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী জানান, একই সঙ্গে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। একটি ক্লাসে গেলে অন্য ক্লাসের শিক্ষার্থীরা হইচই শুরু করে। ফলে এক শ্রেণীতে একটির বেশি ক্লাস নেওয়া যাচ্ছে না। তিনি জানান, প্রয়োজনীয় শিক্ষক চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না।ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জানান, কেবল চলতি দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেওয়ার জন্য পাশের বিদ্যালয় থেকে একজন শিক্ষককে ওই বিদ্যালয়ে প্রেষণে দেওয়া হয়েছে।