এক শিক্ষক নিয়েছেন ১৩ লাখ মানুষের সাক্ষাৎকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূর উদ্দিন তাঁর পিএইচডির অভিসন্দর্ভে (থিসিস) ১২ লাখ ৭৫ হাজার ৪৭ ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করেছেন। এই হিসাবে তাঁর প্রতিদিন এক হাজার ১৬৪ জন লোকের সাক্ষাৎকার নেওয়ার কথা। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষক এই থিসিসটি বানোয়াট ও উদ্ভট উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের জন্য উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। অবশ্য ওই শিক্ষকদের সঙ্গে নূর উদ্দিনের ব্যক্তিগত রেষারেষি রয়েছে।২০০৮ সালের জুন মাসে নূর উদ্দিন ‘দ্য প্র্যাকটিসেস অব মার্ক্সইজম অ্যান্ড দেয়ার ইমপেক্ট অন মডার্ন ওয়ার্ল্ড: দ্য কেইস অব অবজেকটিভাইজেশন’ শীর্ষক পিএইচডি গবেষণা শুরু করেন। ২০১১ সালের মে মাসে তিনি থিসিস জমা দেন। ওই বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয় তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়। অভিসন্দর্ভটি সংগ্রহ করে দেখা গেছে, নূর উদ্দিন ৮০টি দেশের ১২ লাখ ৭৫ হাজার ৪৭ জনের সাক্ষাৎকার নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত ২০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার।উপাচার্যকে দেওয়া অভিযোগপত্রে পাঁচ শিক্ষক বলেছেন, সারা জীবন গবেষণা করলেও এত বিশালসংখ্যক ই-মেইলভিত্তিক তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তাঁরা দাবি করেন, নূর উদ্দিন যে ২১ জন গবেষণা সহকারীর নাম উল্লেখ করেছেন, তাঁদের অনেকেই নামকরা অধ্যাপক। তাঁদের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে, আসল ঠিকানার সঙ্গে এর মিল নেই।এ বিষয়ে জানতে চাইলে নূর উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষক আমার বিষয়ভিত্তিক জ্ঞানে ঈর্ষান্বিত হয়ে এমন অভিযোগ করেছেন।’ ই-মেইলের মাধ্যমে তিনি এই বিশালসংখ্যক সাক্ষাৎকার নেওয়ার দাবি করেন।মার্ক্সবাদ নিয়ে অভিসন্দর্ভটি লেখা হলেও রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার নেতা ভ্লাদিমির ইলিয়নিচ লেনিনের নাম বারবার ভুল লেখা হয়েছে সেখানে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নূর উদ্দিন দাবি করেন, মুদ্রণে ভুল হয়েছে।নূর উদ্দিন পিএইচডি করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শওকত আরা হোসেনের তত্ত্বাবধানে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শওকত আরা মন্তব্য করতে রাজি হননি। অভিসন্দর্ভ মূল্যায়ন কমিটিতে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল মান্নান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মকসুদুর রহমান।এ বিষয়ে জানতে চাইলে আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘সংখ্যাটি আমার কাছেও অদ্ভুত ঠেকায় আমি নূর উদ্দিনকে প্রশ্ন করেছিলাম। কিন্তু তত্ত্বাবধায়ক শওকত আরা যুক্তি দেখান যে নূর উদ্দিন সাক্ষাৎকার নিয়েছেন। এ ছাড়া মকসুদুর রহমান তাঁর লিখিত মন্তব্যেও এ বিষয়ে কোনো প্রশ্ন না রাখায় বিষয়টি নিয়ে আর কথা হয়নি।’