এক শিক্ষক বরখাস্ত, আরেকজনকে অব্যাহতি
প্রধানমন্ত্রীকে কটূক্তি করার দায়ে সাজাপ্রাপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। আর ছুটি শেষ হওয়ার পরও দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় আরেক শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান বলেন, এঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষক। একজন সহকারী অধ্যাপক মুফতি মাহমুদ অন্যজন প্রভাষক মো. রুহুল আমিন খন্দকার।
২০১১ সালে এক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন মো. রুহুল আমিন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়। মামলায় গত বছর ১২ আগস্ট তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এ কারণে সিন্ডিকেট চাকরি বিধির ১০ (ক) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে বলে জানান সৈয়দ মোহম্মদ কামরুল আহছান। তিনি আরও জানান, ছুটি শেষ হওয়ার পরও তিন বছর দেশের বাইরে থাকায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মুফতি মাহমুদকে। ছুটি শেষ হওয়ার পরও যোগদান না করায় বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে চারবার নোটিশ পাঠানো হয়েছে। তারপরও মুফতি মাহমুদ কাজে যোগ দেননি।