এক শিক্ষকসহ তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। একই দিন টাঙ্গাইলের কালিহাতীতে দুই দাখিল পরীক্ষার্থী ও কিশোরগঞ্জের করিমগঞ্জে এক কিশোর নিহত হয়েছেন। 

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

হবিগঞ্জ: স্কুল ছুটি শেষে গতকাল বিকেল পাঁচটার দিকে নবীগঞ্জের দিনারপুর হাইস্কুলের শিক্ষক আবদুর রউফ বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে দিনারপুর হাইস্কুলের শিক্ষার্থীরা ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়। তারা ঘটনার প্রতিবাদে ওই মহাসড়ক অবরোধ করে। এতে রাস্তার উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। আবদুর রউফ উপজেলার লোগাঁও গ্রামের বাসিন্দা। 

থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: কালিহাতীর গোহালিয়াবাড়ী মাদ্রাসাকেন্দ্রে দাখিল পরীক্ষা শেষে গোরিলাবাড়ী মাদ্রাসার পাঁচ পরীক্ষার্থী ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। গতকাল দুপুর একটার দিকে তারা কালিহাতীর জোকারচরে পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পরীক্ষার্থী গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া গ্রামের মো. আবদুল্লাহর মেয়ে মর্জিনা আক্তার (১৬) ও ইলিয়াস আলীর মেয়ে এলিজা আক্তার (১৬) নিহত হয়। এ ছাড়া অটোরিকশার চালক ও অপর তিন পরীক্ষার্থী আহত হয়।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি মো. আখেরুজ্জামান জানান, আহত পরীক্ষার্থীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ভৈরব (কিশোরগঞ্জ): গতকাল বিকেলে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে করিমগঞ্জে যাচ্ছিলেনআরিফ মিয়া (২০) ও পলাশ মিয়া (১৭)। চারটার দিকে ব্যাপারীপাড়া এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় আরিফকে নিয়ে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় আরিফের মৃত্যু হয়। তাঁদের দুজনের বাড়ি করিমগঞ্জ পৌর শহরের মধ্যপাড়া গ্রামে।

থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।