এক শিক্ষকে চলছে গোটা বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের ভেতর কেউ খুনসুটিতে ব্যস্ত, কেউ খেলায় মগ্ন। কেউবা আবার মাঠে গিয়ে করছে ছোটাছুটি। তাদের সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষক সিরাজুল ইসলাম।

১৯ মার্চ বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ওলানপাড়া প্রকাশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে এ দৃশ্য দেখা যায়।

শিক্ষক সিরাজুল যখন কোনো শ্রেণীকক্ষে পড়াতে যান, অন্যগুলো থাকে ফাঁকা। এসব শ্রেণীর শিক্ষার্থীরা তখন স্বাধীনতার সুযোগটাকে পুরো মাত্রায় নেয়।

বর্তমানে স্কুলটিতে ২০১ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক বলতে একমাত্র এই সহকারী শিক্ষক সিরাজুল। নিয়ম অনুযায়ী সকাল সোয়া নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত স্কুল খোলা থাকে। কিন্তু শিক্ষকের অভাবে পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওহাব সরকারের ভাষ্য, বিদ্যালয়ে মোট চারজন শিক্ষক ছিলেন। এর মধ্যে প্রধান শিক্ষক হুমায়ুন কবির এ বছরের ২৭ জানুয়ারি, সহকারী শিক্ষক আবদুল ওয়াছেক ৯ ফেব্রুয়ারি অবসরে গেছেন। আরেক সহকারী শিক্ষিকা মাকসুদা আক্তার ১ ফেব্রুয়ারি থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক আছেন একজন। শিশু শ্রেণী  থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী মোট ২০১ জন। বর্তমানে ওই একজন শিক্ষকই শিক্ষার্থীদের পাঠদান করছেন।

সিরাজুলের ভাষ্য, ‘বিদ্যালয়ে শিক্ষক দেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে অনেক বার বলেছি। আজ হবে, কাল হবে করতে করতে দিন যাচ্ছে। ’

উপজেলা থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। তাই দাপ্তরিক কাজে সিরাজুল ইসলামকে শিক্ষা কার্যালয়ে যেতে গেলে ওই দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখতে হয়।

সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক নেই। কী করব? আমি সাধ্যমতো চেষ্টা করছি। এ ক্লাস থেকে ওই ক্লাসে গিয়ে কোনোরকমে চালাচ্ছি। আবার দাপ্তরিক কাজও সারতে হচ্ছে। খুব সমস্যায় আছি।’

স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, ওই শিক্ষককে শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত একসঙ্গে চারটি ক্লাসে পাঠদান করতে হয়। কাজের কাজ কিছুই হয় না। চিত্কার-চেঁচামেচিতে সময় পার হয়ে যায়। শিক্ষক যে ক্লাসে ঢোকেন, সে ক্লাসে চেঁচামেচি বন্ধ হয়। বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার চেঁচামেচি শুরু হয়। দুপুরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসও চলে একই অবস্থায়।

দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  নিখিল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলাপ করে আপাতত পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে মৌখিক অথবা প্রেষণে একজন শিক্ষক  এনে চালাব।  পরে বদলির অর্ডার এলে শূন্যপদগুলো পূরণ করব। বেসরকারি বিদ্যালয়গুলো সরকারি হলেও কিছুটা জটিলতা রয়ে গেছে।’