এক শিক্ষকে চলছে বিদ্যালয়, সমাপনী পরীক্ষার্থীরা উদ্বিগ্ন
রংপুরের মিঠাপুকুর উপজেলার পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান (ক্লাস) কার্যক্রম। ঠিকমতো ক্লাস না হওয়ায় বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উদ্বেগে রয়েছেন। কারণ, তাদের পিইসি পরীক্ষার দুই সপ্তাহও বাকি নেই।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫০। প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ পাঁচটি। প্রধান শিক্ষকের পদ সাত বছর ধরে শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন সহকারী শিক্ষক শাহীন মিয়া। অপর তিন সহকারী শিক্ষকের মধ্যে শাম্মী আখতার গত ২৭ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে দেশের বাইরে আছেন। এর আগে তিনি ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে গত ১৮ জুলাই পর্যন্ত ছুটিতে ছিলেন। আরেক সহকারী শিক্ষিকা নাসিমা বেগম ২০১৩ সালের ৯ এপ্রিল প্রেষণে রংপুর সদরের জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেছেন। আরেক সহকারী শিক্ষক নাজনীন বেগম চলতি বছরের ১৮ জুন থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন মিয়া বলেন, ‘আমার একার পক্ষে অফিস সামলানো ও সব শ্রেণির ক্লাস নেওয়া সম্ভব নয়। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও ঠিকমতো ক্লাস করানো সম্ভব হচ্ছে না। এবার ১৮ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষা দেবে। শিক্ষক সংকটে তাদের পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে পারিনি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিলুফা ইয়াছমিন বলে, ‘পরীক্ষায় (পিইসি) কী করব জানি না। ক্লাস ঠিকমতো হয় নাই।’
অভিভাবক ইদ্রিস আলী বলেন, ‘বিদ্যালয়ে একজন শিক্ষক। তিনি সারা দিন অফিস আর উপজেলা শিক্ষা কার্যালয়ে ছোটাছুটি করেন। ক্লাস নিতে পারেন না। এ অবস্থায় শিক্ষার্থীরা স্কুলে যায় আর আসে। ক্লাস হয় না। আমরা সন্তানদের শিক্ষা নিয়ে বিপদে পড়েছি।’
মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা ইয়াসমিন বলেন, ‘ওই বিদ্যালয়ে অন্তত একজন শিক্ষক দেওয়ার জন্য আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি।’