এক শিক্ষকে চলছে স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৩২৬ জন। আর শিক্ষক আছেন চারজন। তাঁদের মধ্যে তিনজনই ছুটিতে। এতে একজন শিক্ষককে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি করতে হয় সব দাপ্তরিক কাজও। মাঝেমধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ক্লাসও বন্ধ রাখতে হয়।
এভাবে চলছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে পাঁচটি। ২০১৪ সালে প্রধান শিক্ষক আবদুল গফফার বদলি হয়ে যান। এরপর প্রধান শিক্ষকের পদটি শূন্য হয়ে পড়ে। চলতি বছরের মার্চের প্রথম দিকে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মঈনুল এহসানকে প্রেষণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। গত ডিসেম্বরে বিদ্যালয়ের শিক্ষক রুবিনা আকতার, জানুয়ারিতে সুমা চাকমা ও ফেব্রুয়ারিতে শুকতারা চাকমা মাতৃত্বকালীন ছুটিতে যান। এখন মঈনুল এহসান একাই ক্লাস নেন এবং সব ধরনের দাপ্তরিক কাজ করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল এহসান বলেন, তিনি এক ক্লাসে শিক্ষার্থীদের লেখার কাজ দিয়ে অন্য ক্লাসে পড়াতে যান। আবার কখনো গ্রামের কলেজশিক্ষার্থীদের ডেকে এনে ক্লাস নিতে বলেন।
পঞ্চম শ্রেণির ছাত্রী পূর্ণিমা বড়ুয়া বলল, ‘স্কুলে ঠিকমতো ক্লাস হয় না। এ কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফল করতে পারব কি না, এ নিয়ে চিন্তায় আছি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর কাশেম সর্দার বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকসংকটসহ বিভিন্ন সংকট আছে। বিষয়গুলো আমি কয়েকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, ওই বিদ্যালয়ের বিভিন্ন সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।