এক শিক্ষকের একই সময়ে তিন ক্লাস, সম্মানীর টাকা হরিলুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুটিনে একজন শিক্ষকের একই দিনে একই সময়ে তিনটি পর্যন্ত ক্লাস রয়েছে। এভাবে কাগজে-কলমে অতিরিক্ত ক্লাস দেখিয়ে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অতিথি শিক্ষকদের বিরুদ্ধে সম্মানীর টাকা হরিলুটের অভিযোগ উঠেছে।

আইএইচটি সূত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাধারণত ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়। ২০১০ সাল থেকে বিএসসি ইন ল্যাবরেটরি ও বিএসসি ইন ফিজিওথেরাপি নামে দুটি কোর্স চালু করা হয়। এই কোর্সের জন্য সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা দেওয়া হয় না। এটি শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিয়ে চালানো হয়। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষক না থাকায় রাজশাহী মেডিকেল কলেজ থেকে অতিথি শিক্ষক এনে কোর্স দুটির ক্লাস পরিচালিত হয়। এখন একজন শিক্ষক একটি ক্লাসের জন্য ৭০০ টাকা করে পান। নিয়ম অনুযায়ী, একটি কোর্সের সিলেবাস ৬০টি ক্লাসে শেষ করার কথা থাকলেও শিক্ষকেরা দ্বিগুণেরও বেশি ক্লাস দেখাচ্ছেন। আর ক্লাসপ্রতি সম্মানীর টাকা তুলে নিচ্ছেন। কর্তৃপক্ষ এই বিতর্কিত রুটিন অনুমোদন করছে। আর বছরের পর বছর শিক্ষকদের বেহিসাবি সম্মানীও দিয়ে যাচ্ছে।

অভিযোগ উঠেছে, বাড়তি টিউশন ফি তোলার জন্য একজন শিক্ষক ৬০ ক্লাসের জায়গায় ১৪১টি পর্যন্ত ক্লাস দেখিয়েছেন। এ জন্য নিজেদের সুবিধামতো রুটিন প্রস্তুত করতে গিয়ে একই সময়ে তিনটি ক্লাস দেখাতে হয়েছে। এ ধরনের রুটিনে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক অধ্যক্ষরাও স্বাক্ষর করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজের ২৭ জন চিকিৎসকের নাম রাজশাহী আইএইচটিতে অতিথি শিক্ষক হিসেবে তালিকাভুক্ত রয়েছে। তাঁদের মধ্যে থেকে ১১ জন চিকিৎসক পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।

গত ২৯ ফেব্রুয়ারি বিতর্কিত এই রুটিনে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ তৌফিক উদ্দিন। এর আগে ২০১৫ সালের ৩০ মে একই রকম একটি রুটিনে সই করেছেন আগের অধ্যক্ষ এ বি এম মনসুর রহমান।

রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক সাবেরা গুল নাহার এই প্রতিষ্ঠানের একজন অতিথি শিক্ষক। রুটিনে দেখা যায়, তিনি ৬০টি ক্লাসের জায়গায় ১৩৭টি ক্লাস নিয়েছেন। সপ্তাহের রোববার সকাল সাড়ে সাতটায় তাঁর প্রথম বর্ষের মাইক্রোবায়োলজির ক্লাস রয়েছে। একই দিনে একই সময়ে দ্বিতীয় বর্ষের হেমাটোলজির ক্লাস রয়েছে। আবার চতুর্থ বর্ষের মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন বিষয়েরও ক্লাস রয়েছে।

সোমবার সকাল সাড়ে সাতটায় অতিথি শিক্ষক বুলবুল হাসানের প্রথম বর্ষের ইমিউনোলজি বিষয়ের ক্লাস। একই সময়ে চতুর্থ বর্ষের ডায়াগনস্টিক কিট অ্যান্ড টেস্ট অরগানিজম বিষয়ের ক্লাস রয়েছে। তিনি ৬০ ক্লাসের জায়গায় ১৪১টি পর্যন্ত ক্লাস নিয়েছেন।

এ ব্যাপারে বুলবুল হাসান বলেন, ৬০টি ক্লাসে কোর্স শেষ করতে হবে এটা তাঁদের বলা হয়নি। তাঁরা প্রয়োজনমতো ক্লাস নিয়েছেন। আর রুটিনে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। তাহলে একই সময় দুটি বা তিনটি করে ক্লাস কীভাবে নেন জানতে চাইলে তিনি বলেন, তাঁরা আরেকজনের সঙ্গে সমন্বয় করে করেন। তিনি বলেন, ‘প্রথম যখন বিএসসি কোর্স ওখানে চালু হয়, তখন মাত্র ২৫০ টাকা করে সম্মানী দেওয়া হতো। কোনো শিক্ষক যেতে চাইতেন না। আমি বন্ধুবান্ধবদের ধরে নিয়ে গিয়ে কোর্স দুটি চালু রেখেছি।’ তিনি প্রভাব খাটানোর কথা সম্পূর্ণ অস্বীকার করেন।

বিতর্কিত রুটিন ও বেহিসাবি সম্মানী দেওয়ার ব্যাপারে অধ্যক্ষ তৌফিক উদ্দিন বলেন, এগুলো সব আগের অধ্যক্ষ করে গেছেন। আগের অধ্যক্ষ এ বি এম মনসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেখানে অতিথি শিক্ষকদের একটা শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। তিনি কিছুতেই ওই সিন্ডিকেটের সঙ্গে পেরে উঠেননি। ঊর্ধ্বতন প্রশাসনের সাহায্য চেয়েও পাননি।