এক শিক্ষকের কাঁধে ২৪ ক্লাসের ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিবিসি বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার পরীক্ষামূলকভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করে। বিদ্যালয়টিতে আটজন শিক্ষকের পদ রয়েছে। সেখানে রয়েছেন দুজন। তার মধ্যে একজন শিক্ষক রয়েছেন প্রশিক্ষণে। নেই প্রধান শিক্ষকও।
এ অবস্থায় বিদ্যালয়টিতে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা। তাঁদের একেকজনের কাঁধে প্রতিদিন ২৪টি করে ক্লাস নেওয়ার ভার পড়েছে। তা ঠিকমতো না হওয়ায় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কমছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সরকার ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৩) আওতায় পরীক্ষামূলকভাবে ওই বিদ্যালয়ে প্রথমে ষষ্ঠ শ্রেণি চালু করে। ওই ব্যাচটি অষ্টম শ্রেণিতে উঠে ২০১৫ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়। প্রথমবার আটজন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন কৃতকার্য হয়। ২০১৬ সালে পাঁচজন জেএসসিতে অংশ নিয়ে পাস করে। বিদ্যালয়টিতে বর্তমানে ২১০ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, গত ১ জানুয়ারি থেকে নাসরিন আক্তার নামের একজন শিক্ষক ১৮ মাসের জন্য ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন (ডিপিএড) বিষয়ে প্রশিক্ষণে চলে যান। ফলে সেখানে এখন দুজন শিক্ষক রয়েছেন।
সম্প্রতি গিয়ে দেখা যায়, একটি শ্রেণিকক্ষে ফাতেমা আক্তার নামের একজন শিক্ষক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে একত্র করে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের ক্লাস নিচ্ছেন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী জেসমিন ও কল্পনা আক্তার বলে, ‘গত এক মাসে এক দিনও ইংরেজি ও গণিত ক্লাস হয়নি। আর কিছুদিন দেখব, না হলে এখানে আর আসব না।’
শিক্ষক ফাতেমা আক্তার বলেন, ‘প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিদিন ৪৮টি ক্লাস হওয়ার কথা। এতে আমার ভাগে দৈনিক ক্লাস পড়ে ২৪টি। বড়জোর আমার পক্ষে এক দিনে ছয়টি ক্লাস নেওয়া সম্ভব। তাই তিন ক্লাসের শিক্ষার্থীদের একত্র করে ক্লাস নিচ্ছি।’
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ সরকার বলেন, ‘২০১৫ সালে ষষ্ঠ শ্রেণিতে ৪৫ জন, সপ্তমে ৪২ জন আর অষ্টম শ্রেণিতে ৪০ জন শিক্ষার্থী ছিল। ২০১৭ সালে শ্রেণিগুলোয় যথাক্রমে ৮, ১২ ও ৮ জন করে শিক্ষার্থী রয়েছে। শিক্ষক নেই, তাই ক্লাস হয় না। বাধ্য হয়ে শিক্ষার্থীরা চলে যাচ্ছে। আমরা দুই শিক্ষক কী করব? কীভাবে সামাল দেব?’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক বলেন, ‘ওই বিদ্যালয়ে শিক্ষকের পদ আটটি। অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করার জন্য সেখানে একাধিকবার ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রিধারী শিক্ষককে সংযুক্ত করা হলেও দুর্গম অঞ্চলে হওয়ায় তাঁরা তদবির করে চলে যান। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষকের চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই সমাধান হবে।’
স্থানীয় কয়েকজন বলেন, উপজেলা শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে বিদ্যালয়টি অবস্থিত। জায়গাটি বাজাইল ও বড় চালা গ্রামের সীমান্তবর্তী এলাকা। তাই সংক্ষেপে বিদ্যালয়টির নাম রাখা হয়েছে বিবিসি বর্ডার (বাজাইল-বড় চালা সীমান্ত) প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মফিজ উদ্দিন সরকার বলেন, বিদ্যালয়টি অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ার পর গত চার বছরে ইংরেজি, গণিতসহ নতুন কোনো শিক্ষকই নিয়োগ দেওয়া হয়নি। বিদ্যালয়টিকে বাঁচাতে হলে শিগগিরই গণিত ও ইংরেজি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হবে।