এক শিক্ষকের বিদ্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে আছেন দুই শিক্ষক। ছুটি না নিয়েই অনুপস্থিত এক শিক্ষক। এ কারণে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের ভাটিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন এক শিক্ষকের বিদ্যালয়।

প্রধান শিক্ষক সাইদুর রহমানকে প্রশাসনিক কাজের পাশাপাশি পাঠদানের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষক সূত্র জানায়, বিদ্যালয়টির শিক্ষার্থী ২০৪ জন। এত দিন প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষক পাঠদান করছিলেন। এর মধ্যে সহকারী শিক্ষক সানন্দা রায় ৩০ এপ্রিল পর্যন্ত পাঠদান করে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে সহকারী শিক্ষক মেরিন তানজিনা ১ জুলাই থেকে কিশোরগঞ্জ পিটিআইয়ে রয়েছেন। ৭ জুলাই থেকে একই প্রশিক্ষণে আছেন আরেক সহকারী শিক্ষক সানজিদা আফরিন। দুই মাসের ব্যবধানে তিন শিক্ষকের অনুপস্থিতিতে বিদ্যালয়ের পাঠদানব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ক্লাস না হওয়ায় দিন দিন ছাত্রছাত্রীর উপস্থিতির হারও কমে যাচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। শিক্ষকস্বল্পতার কারণে নভেম্বর মাসে অনুষ্ঠেয় প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি শিক্ষার্থীরা ভালোভাবে নিতে পারছে না।

বাঙ্গালপাড়া গ্রামের অভিভাবক শাহজাহান মিয়া বলেন, ‘স্কুল আর স্কুলের শিক্ষকই আমরার ভরসা। কারণ, আমরার পক্ষে সন্তানদের প্রাইভেট পড়ানো সম্ভব না। ক্লাস না হওয়ায় পড়ালেখার বারোটা বাইজ্জা গেছে।’

প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘শিক্ষক বলতে আমি। প্রশাসনিক কাজ করব, না একসঙ্গে তিন-চারটা ক্লাস সামলাব। চাপে কোনোটাই করা হচ্ছে না। শিক্ষক সমস্যার সমাধান না হলে স্কুল খোলা আর বন্ধ রাখার মধ্যে কোনো পার্থক্য থাকবে না।’

অষ্টগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) আফতাব উদ্দিন বলেন, দুই শিক্ষককে পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে পাঠানো হয়েছে। একসঙ্গে দুজনকে পাঠানো যুক্তিসংগত হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সানন্দা রায় ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় তাঁর বেতন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান আফতাব উদ্দিন।

এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও সানন্দা রায়ের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।