এক শিক্ষকের বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের বেশি সময় ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যনগর ইউনিয়নের ওই বিদ্যালয়ে চলতি বছর শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০ জন শিক্ষার্থী রয়েছে। গত বছর ছিল ৮৫ জন। প্রধান শিক্ষকের পদটি পাঁচ বছর ধরে শূন্য। প্রধান শিক্ষকসহ মোট তিনজন শিক্ষকের পদের বিপরীতে বিদ্যালয়ে দুজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে সহকারী শিক্ষক রিপা রানী রায় ২০১৪ সালের ২ জুলাই থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। অপর সহকারী শিক্ষক সীমা রানী তালুকদার অন্যত্র বদলি হলে পাশের ধুবালা প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালের ৮ মার্চ সহকারী শিক্ষক মোহাম্মদ আলী ওই বিদ্যালয়ে যোগদান করেন। গত দেড় বছরের বেশি সময় ধরে তিনি একাই বিদ্যালয়ের সব শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে আসছেন। এ অবস্থায় দাপ্তরিক কাজে কোথাও গেলে বিদ্যালয়টিতে চলে অঘোষিত ছুটি।

সহকারী শিক্ষক রিপা রানী রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ আছি। এ নিয়ে আমি পরে আপনার সঙ্গে কথা বলব।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘২০১৫ সালের ৮ মার্চ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আমাকে একাই চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে বিদ্যালয়ে তালা মেরে যেতে হয়।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, সহকারী শিক্ষক রিপা রানী রায় বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ বলেন, ওই বিদ্যালয়ে আরও একজন শিক্ষক দেওয়ার ব্যাপারে খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।