এক শিক্ষকের বিদ্যালয় উপবৃত্তিও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ভবনের সামনে জাতীয় পতাকা উড়ছে। শ্রেণীকক্ষগুলোর দরজা-জানালা খোলা। কিন্তু কোনো শিক্ষক-শিক্ষার্থী নেই। স্কুল ছুটির নির্ধারিত সময় বিকেল সোয়া চারটা হলেও গত সোমবার বেলা দুইটায় পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের কমারদুলিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবস্থা দেখা যায়। এলাকাবাসীর কয়েকজন জানান, মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে স্কুলটি। এতে পড়ালেখার মান কমে যাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা কমছে। প্রতিদিন সকালে কিছু ছাত্রছাত্রী স্কুলে আসে। তবে খুব একটা ক্লাস হয় না। তাই কিছুক্ষণ খেলাধুলা করে তারা বাড়ি ফিরে যায়। বেলা দুইটা ২০ মিনিট। স্কুলে হাজির হন সহকারী শিক্ষক মোজাফ্ফর হোসেন। তিনিই স্কুলটির একমাত্র শিক্ষক। তিনি জানান, স্কুলটি অনেক পুরোনো। শুরু থেকেই তিনি স্কুলের সঙ্গে আছেন। ১৯৬৫ সালে গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৩ সালে এটি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়। সে সময় শিক্ষার্থী ছিল প্রায় ৩০০। ২০০৯ সাল পর্যন্ত ভালোই চলেছে কার্যক্রম। ২০১০ সালে স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হকের সঙ্গে শিক্ষা বিভাগের এক কর্মকর্তার বিরোধ সৃষ্টি হলে স্কুলটিতে এ অবস্থার সৃষ্টি হয়। ওই কর্মকর্তা প্রধান শিক্ষকের ওপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির বরাদ্দ বাতিল করে দেন। এরপর ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকে। মোজাফ্ফর হোসেন বলেন, ‘স্কুলে মোট শিক্ষকের পদ চারটি। প্রধান শিক্ষক দুই মাস হলো অবসরে গেছেন। বর্তমানে শিক্ষক আমি একা। একদিকে গেলে অন্যদিক খালি থাকে। তাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য অঘোষিতভাবে স্কুল ছুটি হয়ে গেছে।’ বিদ্যালয়ের পাশের বাসিন্দা শামসুর রহমান বলেন, প্রতিদিন সকালে কিছু ছাত্রছাত্রী এলেও তারা পড়ালেখার চেয়ে খেলাধুলা বেশি করে। কিছুক্ষণ খেলাধুলার পর বাড়ি চলে যায়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকলিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘অন্য স্কুল থেকে একজন শিক্ষককে ডেপুটেশনে ওখানে পাঠানো হয়েছে। শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। উপবৃত্তি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগির সমস্যা কাটিয়ে স্কুলটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’