এক শিক্ষকের বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-সংকট দূরীকরণে ৯৪ জনকে নিয়োগ দেওয়া হলেও এক শিক্ষকবিশিষ্ট তিনটি বিদ্যালয়ে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এতে এ তিনটি বিদ্যালয়ের পাঠদান নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।এক শিক্ষকবিশিষ্ট বিদ্যালয়গুলো হলো: দিঘলবাক (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলবাক (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।দিঘলবাক এলাকার বাসিন্দা রুহুল আমীন বলেন, গত ২৮ জুন ‘একজন করে শিক্ষকে চলছে ১৫ বিদ্যালয়’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হলে উপজেলা শিক্ষা অফিস থেকে জানানো হয়, উপজেলায় শিক্ষক নিয়োগের পর এসব বিদ্যালয়ে সমস্যা দূর করা হবে। কিন্তু দুঃখের বিষয়, ৯৪ জন শিক্ষক নিয়োগ হলেও এ তিনটি বিদ্যালয়ে কাউকে দেওয়া হয়নি। এ কারণে এসব বিদ্যালয়ে যেসব শিক্ষার্থী লেখাপড়া করে, তাদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, শিক্ষক নিয়োগে জগন্নাথপুরবাসী দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে। এবার লিখিত পরীক্ষায় জগন্নাথপুরের ২৫০ জন আবেদনকারী উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার পর নিয়োগ পেয়েছেন মাত্র ৪৮ জন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ উপজেলার প্রাথমিক শিক্ষাকে পিছিয়ে রাখা হচ্ছে। দ্রুত এক শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে হবে।সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, শিক্ষক নিয়োগে ভুলবশত কিছু বিদ্যালয় বাদ পড়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সমন্বয়কাজ চলছে। শিগগিরই এ তিনটি বিদ্যালয়ে শিক্ষক দেওয়া হবে।