এক শিক্ষকের সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাবনার বেড়া উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে একজন করে শিক্ষক দিয়ে। এ ছাড়া আরও আটটি প্রাথমিক বিদ্যালয় চলছে দুজন করে শিক্ষক দিয়ে।একজন করে শিক্ষক দিয়ে চলছে ঢালারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব বিদ্যালয় প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রতিটিতে শিক্ষার্থীর সংখ্যা ২৫০ থেকে ৫০০। শিক্ষকসংকটের কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া চরনতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরসাঁড়াশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাস ঢালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়েল দুজন করে শিক্ষক কর্মরত রয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৪৩৮টি। এর মধ্যে আগে থেকে ২৫টি পদ শূন্য ছিল। গত ১০ দিনে ২৪ জন শিক্ষক অন্য উপজেলায় বদলি হয়ে গেছেন। এ ছাড়া ৩৯ জন শিক্ষক এক বছরের জন্য পিটিআইতে প্রশিক্ষণ নিচ্ছেন। এখন পাঠদান করছেন ৩৫০ জন শিক্ষক। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই উপজেলার বাসিন্দাদের নিয়োগ পাওয়ার কথা। কিন্তু বেড়া উপজেলায় শূন্যপদের তুলনায় যোগ্য শিক্ষক পাওয়া না যাওয়ায় গত কয়েক বছরে অন্য উপজেলার ২৪ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। সূত্র জানায়, এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়, যেসব বিদ্যালয়ে চারজন বা এর চেয়ে কম শিক্ষক কর্মরত রয়েছেন, সেগুলোতে কোনো শিক্ষককে বদলি করতে হলে তাঁর স্থলে অন্য শিক্ষক দিতে হবে। কিন্তু গত ২ আগস্ট একই মন্ত্রণালয় আরেকটি পরিপত্রে অন্য উপজেলার শিক্ষকদের ক্ষেত্রে এই নিয়মটিকে শিথিল করে। এ সুযোগে অন্য উপজেলার ওই ২৪ জন শিক্ষক ৩ থেকে ১৩ অক্টোবরের মধ্যে নিজ নিজ উপজেলায় বদলি হন। তাঁদের পরিবর্তে কোনো শিক্ষক দেওয়া হয়নি। সূত্র জানায়, উপজেলা সদরসহ যোগাযোগ ভালো এমন প্রাথমিক বিদ্যালয়েগুলোতে ছয় থেকে ১২ জন শিক্ষক রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, এসব বিদ্যালয়ে কোনো পদ ফাঁকা হওয়া মাত্রই প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলো থেকে শিক্ষকেরা তদবিরের মাধ্যমে এসে যোগ দেন। এ কারণেই প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ে শিক্ষকসংকট লেগেই থাকে। বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘প্রত্যন্ত এলাকার কয়েকটি বিদ্যালয়ে ২৪ জন শিক্ষক অন্য উপজেলায় বদলি হয়ে যাওয়াতেই এমন সমস্যা দেখা দিয়েছে। তবে ইতিমধ্যেই আমরা ডেপুটেশনের মাধ্যমে কয়েকটি বিদ্যালয়ে শিক্ষক দিয়েছি। বাকিগুলোতেও শিক্ষক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’