এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভাগের এক নারী প্রভাষককে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ওই প্রভাষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে সভাপতির বিরুদ্ধে গত এক বছরে ওই প্রভাষক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচবার মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।উত্ত্যক্তের শিকার শিক্ষিকা জানান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তিনি ২০০৭ সালে অ্যাডহক ভিত্তিতে প্রভাষক হিসেবে যোগ দেন। গত বছর তিনি অস্থায়ী পদে নিয়োগ পান। অ্যাডহক ভিত্তিতে বিভাগে যোগ দেওয়ার পর থেকেই সহযোগী অধ্যাপক ও বর্তমানে বিভাগের সভাপতি তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতে শুরু করেন। গত এক বছরে এটি চরম আকার ধারণ করলে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনা তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবিতে মৌখিক ও লিখিতভাবে পাঁচবার অভিযোগ করেন। প্রশাসন তাঁকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেও গতকাল পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। গত ১ এপ্রিল তিনি উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল তিনি বিভিন্ন বিভাগের ১৮-২০ জন শিক্ষককে নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে পুনরায় লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষক উল্লেখ করেন, এক বছর ধরে বিভাগের বর্তমান সভাপতি মুঠোফোনে ও সামনাসামনি নানান অশ্লীল মন্তব্য করে তাঁকে হয়রানি করে আসছেন। এমনকি বিভাগের অন্যান্য জুনিয়র শিক্ষক ও শিক্ষার্থীর সামনেও সভাপতি তাঁর সম্পর্কে অশালীন মন্তব্য করেন। গত ৩১ মার্চ স্নাতকোত্তর পরীক্ষার সময় হলে দায়িত্ব পালনকালে সভাপতি ও বিভাগের এক প্রভাষক তাঁর সম্পর্কে অশ্লীল কথা বলেন। পরে তিনি ওই প্রভাষকের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এরপর ওই প্রভাষক ও সভাপতি বিভাগের অন্যান্য শিক্ষকের কাছে তাঁর মাথায় সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন। উত্ত্যক্তের শিকার ওই শিক্ষক বলেন, হয়রানির ব্যাপারে উপযুক্ত প্রমাণ দাখিল করলে উপাচার্য সভাপতিকে তাঁর পদ থেকে অব্যাহতি ও চাকরিচ্যুত করার আশ্বাস দেন। কিন্তু সে ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তিনি পুনরায় গতকাল উপাচার্যের কাছে লিখিতভাবে অভিযোগ করে বিভাগে শিক্ষকতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রথম আলোকে বলেন, উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ করা হয়েছে। এর কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন। উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ভুক্তভোগী ওই প্রভাষককে বিশ্ববিদ্যালয়ে গঠিত যৌন নিপীড়নবিরোধী অভিযোগ কেন্দ্রে অভিযোগ করতে বলা হয়েছে। তারপর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।