এক শিশুকে হত্যা তিনজন উদ্ধার, ৪ জনের খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ থেকে অপহৃত সানজিদাকে গত রোববার রাতে রাজবাড়ী থেকে পুলিশ উদ্ধার করে l প্রথম আলো
কেরানীগঞ্জ থেকে অপহৃত সানজিদাকে গত রোববার রাতে রাজবাড়ী থেকে পুলিশ উদ্ধার করে l প্রথম আলো

এবার এক শিশু হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলো তিনটি শিশু। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে রোববার রাতে সাহেব উদ্দিন (১৪) নামে শিশুটিকে হত্যা করা হয়। তার লাশ উদ্ধারের পর এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সোমবার সকালে জলঢাকা থানার পুলিশ তিন শিশুকে গ্রেপ্তার করেছে। এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাঁচ মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে এক মাকে আটক করা হয়েছে।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের লোকজন, পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, কালীগঞ্জ গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বাদশা মাহমুদ রোববার রাতে দোকান নিয়ে বসেন। রাত আটটার দিকে তাঁর ছেলে সাহেব উদ্দিন দোকানে এসে টাকা গোনে। কিছু সময় পর সে বাড়ির দিকে রওনা হলে পথে একই গ্রামের আবদুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (১৫) ও হযরত আলীর ছেলে সালাউদ্দিনের (১৫) সঙ্গে তার দেখা হয়। একপর্যায়ে তারা দুজন সাহেব উদ্দিনকে একটি ভুট্টাখেতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সাহেবের বুকের ওপর চেপে বসে তার বাবার দোকানে বসে যে টাকাগুলো গুনেছিল, সেই টাকা দাবি করে তারা। সাহেবের কাছে টাকা না পেয়ে দুজন তার গলা টিপে ধরে। এ সময় ওই পথে যাচ্ছিল একই গ্রামের আইয়ুব খানের ছেলে টিটু (১১)। তারা দুজনে টিটুকেও সঙ্গে নেয়। পরে সাহেবের মাফলার তার গলায় পেঁচিয়ে সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ে নিয়ে বাঁশের গোড়ায় বেঁধে রাখে। সাহেব উদ্দিনের পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে গতকাল সকাল নয়টার দিকে এলাকাবাসী লাশ দেখতে পায়। পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে টিটুকে আটক করলে তার স্বীকারোক্তি অনুযায়ী সালাউদ্দিন ও মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিটুর স্বীকারোক্তি অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় নিহত সাহেব উদ্দিনের বাবা বাদশা মাহমুদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে লাশ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ফরিদপুর অফিস জানায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাঁচ মাসের শিশু ইয়াসিন শেখকে গলা কেটে হত্যার অভিযোগে তার মা লিপি বেগমকে (৩০) আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ইয়াসিন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা নছিমনচালক বুলু শেখের ছেলে। বুলু-লিপি দম্পতির নয় বছর বয়সী আরেকটি ছেলে রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের বুলু শেখের স্ত্রী লিপি বেগম ব্লেড দিয়ে শিশুসন্তান ইয়াসিনের গলা কেটে তাকে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় লিপি বেগমকে আটক করা হয়েছে। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনটি শিশু উদ্ধার
চাঁদপুর, কেরানীগঞ্জ ও সাভার থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ থেকে শনিবার রাতে চুরি হওয়া ১৪ মাস বয়সের শিশু শুভকে গতকাল সোমবার বিকেলে, কেরানীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অপহৃত দেড় বছরের শিশু সানজিদা আক্তারকে রোববার রাতে এবং সাভার থেকে অপহরণের ১২ ঘণ্টা পর মানিকগঞ্জ থেকে সিহাব নামে এক শিশুকে উদ্ধার করে পুলিশ।
শুভর পরিবার সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ গ্রামের শরীফ হোসেনের শিশুপুত্র শুভ আলীগঞ্জ মাদ্দখাঁ (রা.) মাজার এলাকা থেকে চুরি হয়। এ ঘটনায় শরীফ হোসেন রোববার সকালে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
শরীফ হোসেন জানান, ‘গতকাল দুপুরে সাহারপাড় এলাকা থেকে এক আত্মীয়ের মাধ্যমে ওই গ্রামে একটি শিশু পাওয়া গেছে বলে খবর পাই। ওই গ্রামের ভূঁইয়া বাড়িতে শিশুটি আছে বলে জানতে পারি। আমরা সেখানে যাওয়ার খবর পেয়ে ওই বাড়ির রেহানা বেগম নামে এক নারী শুভকে নিয়ে পালিয়ে যায়। পরে ঘণ্টা খানেক খোঁজাখুঁজি করে রহিমানগর পশ্চিম বাজারে শিশুটিসহ ওই নারীকে আটক করি। এ সময় হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে।’
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার এস আই আনোয়ার কামাল হারুন বলেন, রেহানা বেগম জিজ্ঞাসাবাদে দাবি করেন, তাঁর বড় বোন ফেরদৌসী বেগম শিশুটিকে মাজার থেকে চুরি করে এনে তাঁকে দিয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, এ ঘটনায় আটক রেহানা বেগমকে মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) ও রাজবাড়ী প্রতিনিধি জানান, কেরানীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অপহৃত দেড় বছরের শিশু সানজিদা আক্তারকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি গ্রাম থেকে রোববার রাতে উদ্ধার করেছে পুলিশ। সে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আনোয়ার হোসেনের মেয়ে। অপহরণের ঘটনায় পুলিশ মানিকগঞ্জ জেলার হরিরামপুরের গালা গ্রামের রিপন (২৬) ও বরিশালের মুলাদী গ্রামের শাওন হাওলাদার (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা দুজনই আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।
অপহৃত শিশুটির বাবা আনোয়ার হোসেন বলেন, পূর্ব আগানগর এলাকায় তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই দোকানে শাওন ও রিপন কাজ করতেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাওন আনোয়ারের স্ত্রী ফুলমালাকে বলে সানজিদাকে বেড়াতে নিয়ে যায়। দুপুর পার হওয়ার পরও তারা ফিরে না আসায় সানজিদাকে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় শাওনের ফোন বন্ধ পাওয়া যায়। রাতে শাওনের নম্বর থেকে রিপন আনোয়ার হোসেনের মুঠোফোনে ফোন করে সানজিদার মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে। পরে ফুলমালা শাওন ও রিপনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুজ্জামান খান বলেন, ‘অপহৃত শিশুর মা থানায় জিডি করার পরপরই আমরা আসামিদের কললিস্ট বের করে তদন্ত শুরু করি। তিন দিন টানা অভিযান চালিয়ে রোববার বিকেলের দিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে অপহৃত শিশু সানজিদাকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাওন ও রিপনকে আটক করা হয়।’
রিপন বলেছেন, সানজিদার বাবা তাঁদের ওপর বিভিন্ন সময় নির্যাতন করত। তাই তাঁরা অপহরণ করেছেন।
ঢাকার সাভার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সাভারে অপহরণের ১২ ঘণ্টা পর মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে সিহাব নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সিহাবের চাচা আলমকে গ্রেপ্তার করেছে। আলম আদালতে দেওয়া জবানবন্দিতে অপহরণের কথা স্বীকার করেছেন। সিহাব সাভার পৌরসভার ভাগলপুরের সৌদিপ্রবাসী সাব্বির মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নার্সারির ছাত্র।
সাভার মডেল থানার পুলিশ জানায়, বাড়ির পাশে খেলার সময় গত শনিবার বিকেলে আলম চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে সিহাবকে অপহরণ করেন। এরপর তার মা শুভা আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তিনি বিষয়টি সাভার মডেল থানাকে জানালে পুলিশ ওই দিন রাত তিনটার দিকে সিঙ্গাইরের জামির্তা এলাকার একটি শ্যালো মেশিনের ঘর থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।