এক শিশুর লাথির আঘাতে অপর শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গত মঙ্গলবার দুই শিশুর মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে এক শিশুর লাথির আঘাতে অপর শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে গতকাল শুক্রবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় মারা যায়।নিহত শিশুর নাম মোয়াজ্জেম হোসেন (৮)। সে উপজেলার বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র বরকত আলীর লাথির কারণেই মোয়াজ্জেমের মৃত্যু হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা ফরিদ মিয়া। এদিকে মোয়াজ্জেমের মৃত্যুর পর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বরকতের পরিবারের লোকজন।নিহত শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে গত মঙ্গলবার সকালে মোয়াজ্জেম ও বরকত বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মোয়াজ্জেমের গোপনাঙ্গে পর পর কয়েকবার লাথি মারে বরকত। এ সময় মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে মোয়াজ্জেম। তখন তার মা এসে তাকে ঘরে নিয়ে যায়। এরপর মোয়াজ্জেমের প্রস্রাব-প্রক্রিয়ায় সমস্যা শুরু হয়। গ্রামের এক চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হয়। কিন্তু ক্রমে অবস্থার অবনতি হয়। গতকাল সকাল থেকে অতিরিক্ত ব্যথা অনুভব করতে থাকলে মোয়াজ্জেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।মোয়াজ্জেমের বাবা ফরিদ মিয়া অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাঁর ছেলেকে মারধর করেছে বরকত। এ ঘটনার বিচার দাবি করে বরকতের অভিভাবকের কাছে গিয়ে ভালো আচরণ পাননি তিনি। বরকতের কয়েকজন আত্মীয় দাবি করেন, ঘটনার পর বরকতের পরিবারের সদস্যরা চিকিৎসা খরচ দিতে চাইলেও বিষয়টি নিয়ে গড়িমসি করেছেন মোয়াজ্জেমের পরিবারের লোকজন। সময়মতো হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হলে মোয়াজ্জেমের মৃত্যু হতো না। মা-বাবার গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।